নান্দাইলে তরুণকে ছুরিকাঘাত করার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলের চামারুল্লাহ গ্রামের এক তরুণকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করার অভিযোগে মামলা হয়েছে। গত সোমবার রাতে নান্দাইল থানায় মামলাটি করেন ওই তরুণের বাবা। এই ঘটনায় পুলিশ ওই রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন চামারুল্লাহ গ্রামের আবদুল হেকিম ও তাঁর ছেলে দেলোয়ার হোসেন। গত রাতে ওই মামলায় গ্রেপ্তার হওয়া দুজনসহ নয়জনকে আসামি করা হয়েছে। আহত তরুণ সুজন মিয়া (২৫) একই গ্রামের আবদুল হামিদের ছেলে।
বসতভিটার আড়াই শতক জমি নিয়ে চামারুল্লাহ গ্রামের হামিদের সঙ্গে তাঁর বড় ভাই আবদুল হেকিমের বিরোধ চলছিল। গত সোমবার দুপুরে এ নিয়ে তাঁদের দুজনের মধ্যে তর্ক বাধে। সুজনের ছোট ভাই সুমন অভিযোগ করেন, ঝগড়ার একপর্যায়ে হেকিম ও তাঁর ছেলেরা তাঁদের ওপর হামলা চালায়। হেকিমের ছেলে জহুরুল ইসলাম তাঁর (সুমনের) বড় ভাই সুজনের পেটে ছুরি বসিয়ে দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাঁকে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা এখন সংকটাপন্ন বলে স্বজনদের সূত্রে জানা গেছে।
নান্দাইল মডেল থানার ওসি আতাউর রহমান বলেন, আবদুল হেকিম ও দেলোয়ারকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।