নান্দাইলে তরুণী ধর্ষণের ঘটনায় দুজন গ্রেপ্তার
ময়মনসিংহের নান্দাইলে এক তরুণীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিওচিত্র মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে৷ তাঁদের গত দুদিনে গ্রেপ্তার করা হয়৷
তাঁরা হলেন তারঘাট বাজারের মো. মামুন মিয়া ও কাশীনগর গ্রামের মো. খাইরুল ইসলাম৷ গতকাল বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড আবেদন জানিয়ে তাঁদের আদালতে পাঠিয়েছে পুলিশ৷
পুলিশ জানায়, গত বুধবার রাতে মুশুলি ইউনিয়নের তারঘাট বাজার থেকে মো. মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে৷ গতকাল ভোরে অভিযান চালিয়ে পুিলশ খাইরুল ইসলামকে গ্রেপ্তার করে৷
বুধবার রাতে থানায় গিয়ে দেখা যায়, একাধিক ব্যক্তি মামুনকে নির্দোষ দাবি করে সাফাই গাইছে৷ তরুণীর পরিবারকেও এলাকার একটি প্রভাবশালী চক্র ঘটনাটি মীমাংসা করার কথা বলে ব্যাপক চাপ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ ১০ জুন একটি নির্জন স্থানে ওই তরুণীকে তাঁর চাচাতো ভাই ও তাঁর সহযোগীরা ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘নান্দাইলে তরুণী ধর্ষণের শিকার’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়৷