নান্দাইলে তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কড়ইকান্দি গ্রামে মৃত্যুর তিন মাস ১১ দিন পর আবদুল হেলিম মীর (৬৫) নামে এক ব্যক্তির মৃতদেহ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। গত রোববার সকালে লাশটি উত্তোলন করা হয়।থানা সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল হেলিম মীরের পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া হয়। হাঁপানির রোগী হেলিম মীর ঝগড়া দেখে হঠা ৎ করেই মারা যান বলে দাবি করে তাঁর ভাতিজারা। তবে ছেলে জামাল উদ্দিন (৪৫) তাঁর বাবাকে তাঁর চাচাতো ভাইয়েরা হত্যা করেছে দাবি করে ওই দিনই নান্দাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপস্থিতিতে জামাল উদ্দিনের চাচাতো ভাইয়েরা লাশটি দাফন করে ফেলে।থানায় অভিযোগ দায়েরের পরও কোনো প্রতিকার না পাওয়ায় জামাল উদ্দিন গত ১৭ এপ্রিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে একটি হত্যা মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত নান্দাইল থানাকে অভিযোগটির বিষয়ে প্রাথমিক তদন্ত প্রতিবেদন (এফআইআর) করতে নির্দেশ দেন। গত ৩১ মে নান্দাইল থানা মামলাটি এফআইআর করে পুলিশি প্রতিবেদন পাঠানোর পর বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন একই আদালত। রোববার ম্যাজিস্ট্রেট হাছিনা বেগমের উপস্থিতিতে লাশটি কবর থেকে ওঠানো হয়। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের পরিবর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) রামপদ মণ্ডল জানান, এখন আদালতের নির্দেশে মামলার কার্যক্রম চলছে।