নান্দাইলে তিনটি পরিবার অবরুদ্ধ নয় মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিলভাদেরা গ্রামের তিনটি পরিবার নয় মাস ধরে প্রায় অবরুদ্ধ। তারা সোজা পথে চলতে না পেরে বিকল্প পথে চলাচল করছেন। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাপন।
উপজেলার রাজগাতি ইউনিয়নের বিলভাদেরা গ্রামের ওসমান আলী, রুস্তম আলী ও দুলাল মিয়ার ওই তিনটি পরিবারে প্রায় ৪৫ জন সদস্য। গত বছর একটি সংঘর্ষের ঘটনার পর থেকে তাঁরা গ্রামের রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না।
ওসমান আলী (৬৫) জানান, তাঁর বড় ছেলে রেনু মিয়ার সঙ্গে ১০ বছর আগে পাশের পাইকারগাতী গ্রামের আবদুস সাত্তারের মেয়ের বিয়ে হয়। গত বছর আবদুস সাত্তার তাঁর বাড়িতে এসে দাবি করেন, রেনু মিয়া দ্বিতীয় বিয়ে করেছেন। এ অবস্থায় তাঁর মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এ নিয়ে তাঁর ছেলে ও শ্বশুরের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুস সাত্তারের পক্ষের লোকজন তাঁদের বাড়িতে এসে হামলা চালান। এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি মামলা করে।
পাশাপাশি অবস্থিত বিলভাদেরা, পাইকারগাতি ও দরিল্লা গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ২০১৪ সালের ৩ আগস্ট ওই সংঘর্ষের পর থেকে আবদুস সাত্তারের পক্ষের লোকজন ওসমান আলী, তাঁর চাচাত ভাই রুস্তম আলী ও দুলাল মিয়ার পরিবারের লোকজনকে পাইকারগাতি গ্রামের ভেতর দিয়ে চলাচল বন্ধ করে দেন।
খোঁজ নিয়ে জানা যায়, বিলভাদেরা, পাইকারগাতি ও দরিল্লা গ্রামের মানুষের প্রধান ব্যবসা কেন্দ্র উপজেলার রাজগাতি ইউনিয়নের কালীগঞ্জ বাজার। বিলভাদেরা গ্রামের লোকজনকে ওই বাজারে যেতে হয় পাইকারগাতি গ্রাম হয়ে। কিন্তু সংঘর্ষের পর থেকে ওই তিনটি পরিবারের লোকজন পাইকারগাতি গ্রাম দিয়ে যাতায়াত করতে পারছেন না। নৌকায় বা সাঁকো দিয়ে গ্রামের উত্তর দিকে সুকাইজুড়ি নদী পার হয়ে তাঁদের চলাচল করতে হচ্ছে। কেনাকাটার জন্য যেতে হয় একই ইউনিয়নের দরিল্লা বাজার বা তাড়াইল উপজেলা সদরে।
সরেজমিনে গেলে দুলাল মিয়ার স্ত্রী বৃদ্ধা আছিয়া বেগম বলেন, ‘বাবারে কিতা কইতাম, মাইয়ারা বাপের বাড়িতে আইতে ভয় পায়। মেয়ে জামাইরা আইলে হারান (দৌড়ানি) খায়।’
জানতে চাইলে আবদুস সাত্তার বলেন, ‘আমরা কারও পথ বন্ধ করিনি। ওরা আমাদের প্রতি যে আচরণ করেছে তার ভয়ে গ্রামের ভেতর দিয়ে চলাচল করতে সাহস পায় না।’
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বলেন, এলাকাবাসীকে নিয়ে একাধিকবার চেষ্টা করেও দুই পক্ষের বিরোধ মীমাংসা করতে পারেননি তিনি।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, আড়াই মাস হয়েছে তিনি এই থানায় যোগদান করেছেন। এই সময়ের মধ্যে কেউ তাঁকে বিষয়টি জানায়নি। তবে এখন খোঁজ নেবেন।