নান্দাইলে তুচ্ছ ঘটনায় এক ব্যক্তি খুন আহত ২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার পলাশিয়া গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে গত সোমবার বিকেলে এক ব্যক্তি খুন হয়েছেন। আহত হয়েছেন অপর দুজন। নিহত ব্যক্তির পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার গ্রামের একরাম হোসেনের একটি ছাগল প্রতিবেশী আছর আলীর জমির ফসল নষ্ট করে। একে কেন্দ্র করে ওই দিনই একরামকে মারধর করে আছর আলীর ছেলে খায়রুল ও আলাল উদ্দিনের ছেলে সেলিম। এর জের ধরে পরদিন সোমবার উভয় পক্ষের মধ্যে ঝগড়া বাধে। ঝগড়ার একপর্যায়ে আছর আলীর পরিবারের লোকজন একরামকে বল্লম দিয়ে আঘাত করে। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে একরামের বাবা হাফিজ উদ্দিন ও ভাবি ফাতেমা বেগম আহত হন। নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একরাম মারা যান। আহত হাফিজ ও ফাতেমাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার জাকির হোসেন গতকাল মঙ্গলবার বিকেলে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। পুলিশ একরামের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।