নান্দাইলে দুই ছাত্র হত্যার বিচার দ্রুত শেষ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্র তাসিন ও কলেজছাত্র মনোয়ার হোসেন হত্যায় জড়িত ব্যক্তিদের বিচার দ্রুত শেষ করার দাবিতে ময়মনসিংহের নান্দাইলে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার তারা এই কর্মসূচি পালন করে।
বেলা ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে মুশুলি স্কুল অ্যান্ড কলেজ ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে তাসিন ও মনোয়ারের গ্রামের লোকজনসহ শিক্ষার্থী, এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলার মুশুলি ইউনিয়নের আগমুশুলি ও উত্তর রসুলপুর এবং তারঘাট এলাকার লোকজন এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন মুশুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইফতেখার হোসেন ভূঁইয়া, মুশুলি স্কুল অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞানের প্রভাষক মো. মোমতাজ উদ্দিন, উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সাধারণ সম্পাদক মো. আমরু মিয়া, মুশুলি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আহসানুল হক, যুবলীগ নেতা কামাল উদ্দিন প্রমুখ।
বক্তারা তাসিন অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত মূল মদদদাতার নাম উল্লেখ করে তাঁকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। মুশুলি ইউনিয়নের বাসিন্দা আতাউর রহমান বলেন, হত্যাকারীদের দ্রুত বিচার না করলে তাসিনের মায়ের আহাজারি শেষ হবে না।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট আগমুশুলি গ্রামের সৌদি আরব প্রবাসী আবদুল কাইয়ুমের একমাত্র ছেলে তাসিনকে (৭) অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে তাসিনকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখে। ১৭ আগস্ট রাতে শিশুটির লাশ উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় হওয়া মামলার তদন্তের দায়িত্ব পাওয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ওসি মো. ইমারত হোসেন গাজী বলেন, মূল অভিযুক্ত শহিদ মিয়াসহ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উত্তর রসুলপুর গ্রামের মৃত আমির হোসেন ভূঁইয়ার ছেলে কলেজছাত্র মনোয়ার হোসেন গত বছরের ২৮ সেপ্টেম্বর প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৮ অক্টোবর মারা যান। মনোয়ারের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার ১১ জন আসামির মধ্যে রইছ উদ্দিন ও রাজীব মিয়া কারাগারে আছেন। বাকিদের মধ্যে নয়জন জামিনে ও একজন পলাতক রয়েছেন। মনোয়ার হোসেন হত্যা মামলাটি তদন্ত করছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. সালাহ উদ্দিন তালুকদার বলেন, মনোয়ার হোসেন হত্যা মামলার তদন্ত চলছে।