নান্দাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ২ আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির ওপর দিয়ে রাস্তা তৈরিতে বাধা দেওয়ায় ও পূর্বশত্রুতার জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে সৃষ্ট সংঘর্ষে আরশাদ মিয়া (৬০) ও সাইফুল (৩৫) নামে দুজন নিহত ও অপর সাতজন গুরুতর আহত হন। গতকাল সোমবার বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ময়নসিংহের নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের নসরতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, নসরতপুর গ্রামের আরশাদ মিয়া ওরফে কাট্টু (৬০) গতকাল সকালে তাঁর জমি দেখতে যান। জমির অবস্থান একই গ্রামের ধনি আরশাদের লোকজনের বাড়ির পেছনে। ওই ধনি আরশাদের পক্ষের লোকজন কাট্টু আরশাদের জমির ওপর দিয়ে তাঁদের বাড়ি যাওয়ার জন্য রাস্তা বানাতে চেষ্টা করে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল। গত তিন বছরে এ নিয়ে চারটি খুনের ঘটনা পর্যন্ত ঘটেছে। গত দুই মাস আগেও কাট্টু আরশাদের ভাতিজা সাইফুল ইসলাম প্রতিপক্ষের হাতে খুন হন বলে গ্রামের লোকজন জানান। কাট্টু আরশাদ যখন নিজের জমিতে বিচরণ করছিলেন তখন ধনি আরশাদের লোকজন তাঁকে একা পেয়ে বল্লম দিয়ে আঘাত করলে সেখানইে তাঁর মৃত্যু হয়। এ খুনের ঘটনার পরই কাট্টু আরশাদের লোকজন খুনের ঘটনায় জড়িত সন্দেহে সাইফুল (৩৫), আজিজুল (৪০), আল আমিন (২২), শাকিল মিয়াকে (১৭) আটকে রেখে প্রচণ্ড মারধর করে। পরে সাইফুল মারা যান। এ সময় গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে নান্দাইল থানায় খবর দেন। কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাশেম খন্দকার জানান, তাঁরা কোনো গুলি ছোড়েননি। এ ব্যাপারে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের দুজন নিহত হয়েছেন। তবে তিনি গুলিবর্ষণের কথা অস্বীকার করেছেন।