নান্দাইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলি ইউনিয়নে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে আবুল হোসেন ভুঁইয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি চপই গ্রামের বাসিন্দা ও সাবেক মাদ্রাসাশিক্ষক। স্থানীয়রা জানান, চপই ও ইন্দারগাতী গ্রামের লোকজনকে কর্মক্ষেত্রে বা হাটবাজারে যেতে হলে নবিয়াবাদ গ্রামের ওপর দিয়ে যাতায়াত করতে হয়।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে বর্ণনা অনুযায়ী, কয়েক দিন আগে চপই গ্রামের শামছুদ্দিন মাস্টারের ছেলে লায়নের (৩০) সঙ্গে সুমন মিয়ার (৩০) বিরোধ বাধে। ওই ঘটনার জের ধরে গত মঙ্গলবার রাতে নবিয়াবাদ গ্রামে আবদুল বারেক ভুঁইয়া (৫৫) ও তাঁর ভাতিজা বাবুর (২০) পথরোধ করেন সুমন মিয়া (৩০) ও তাঁর সহযোগীরা। বারেক ও বাবু মেরেঙ্গা বাজার থেকে চপই গ্রামে ফিরছিলেন। ওই সময় বারেককে জুতায় কামড় দিতে বাধ্য করেন সুমন মিয়া।ইউনিয়ন পরিষদের সদস্য চিনু মিয়া জানান, বারেক গ্রামে এসে ঘটনার বর্ণনা দিলে লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ভাইকে অপমানের প্রতিকার চাইতে আবুল হোসেন গতকাল সকালে লোকজন নিয়ে নবিয়াবাদ গ্রামে যান। এ সময় তাঁদের আটক করেন সুমন ও তাঁর লোকজন। খবর পেয়ে চপই ও ইন্দারগাতি গ্রাম থেকে লোকজন লাঠিসোঁটা নিয়ে নবিয়াবাদ গ্রামের দিকে অগ্রসর হয়। একপর্যায়ে তাঁদের ওপর সুমনের লোকজন হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তির অভিযোগ, সংঘর্ষের সময় আবুল হোসেনকে সুমন ও তাঁর লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। পরে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে আবুল হোসেন মারা যান।নান্দাইল মডেল থানার পরিদর্শক খন্দকার জাকির হোসেন সংঘর্ষে একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। প্রধান অভিযুক্ত সুমনসহ ১২ জনকে পুলিশ আটক করেছে।থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম গতকাল বিকেলে জানান, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।