নান্দাইলে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণা নিয়ে চণ্ডীপাশা ইউপির বরুণাকান্দা গ্রামে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছে। গতকাল বুধবার ভোরে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়।গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নির্বাচনী প্রচারণার জন্য ওই ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক ভূঁইয়া বরুণাকান্দা গ্রামে যান। এ সময় অপর চেয়ারম্যান পদপ্রার্থী ইফতেখার হোসেনের সমর্থকেরা একই স্থানে প্রচার চালাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শী কাছুম আলী বলেন, একপর্যায়ে দুই প্রার্থীর লোকজন একে অপরের মুখোমুখি হয়ে পড়লে সংঘর্ষ বেধে যায়। এতে গুরুতর আহত হন আরিফুল ইসলাম, জুয়েল মিয়া, আজিজুল হক ও শহিদুল্লাহ।এমদাদুল হক ভূঁইয়া দাবি করেন, তাঁর ওপর সশস্ত্র হামলা হয়েছে। তাঁর ছোট ভাইসহ কয়েকজন সমর্থককে প্রতিপক্ষের লোকজন মারধর করেছে।এ বিষয়ে অপর প্রার্থী ইফতেখার হোসেন বলেন, ‘আমার সমর্থকদের ভয়ভীতি দেখানোর জন্য এমদাদসহ তাঁর লোকজন এ ঘটনা ঘটিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চাইছে।’ ১১ জুন ইউপি নির্বাচনে ভোট গ্রহণ হবে।নান্দাইল থানার উপপরিদর্শক খন্দকার জাকির হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি।