নান্দাইলে দুই স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রথমবারের মতো দুজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত দুজন শনাক্ত হওয়ার দিন পর্যন্ত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। এ ঘটনার পর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ছাড়া সব বিভাগের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আক্রান্ত একজনকে হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করে তাঁর বাড়িতে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। অন্যজনের বাড়ি পাশের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নে। তাঁকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।
আজ সোমবার বিকেলে মুঠোফোনে নান্দাইল উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল আহমেদ নাসের প্রথম আলোকে বলেন, হাসপাতালে কর্তব্যরত একজন নার্স ও একজন কর্মকর্তা করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছে। ওই নার্স স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীর মাধ্যমে, না বাইরের কারও দ্বারা সংক্রমিত হয়েছেন, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল আহমেদ বলেন, নার্স সংক্রমিত হওয়ায় নান্দাইল উপজেলায় জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ (কমিউনিটি ট্রান্সমিশন) দেখা দিয়েছে, তা এখন আর অস্বীকার করা যাবে না। তাই অযথা বাইরে ঘোরাঘুরি না করে সবাইকে বাড়িতে থাকার অনুরোধ করেন তিনি। আরেক প্রশ্নের উত্তরে ইকবাল আহমেদ বলেন, সাবধানতা অবলম্বনের জন্য হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া সব বিভাগের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ওই দুজনের সংস্পর্শে আসা হাসপাতালের কর্মীদের নমুনা সংগ্রহ করে কাল মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হবে।
নান্দাইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছয়জন বাসিন্দা বলেন, নান্দাইলের চারপাশের উপজেলাগুলোতে করোনার সংক্রমণ দেখা দিয়েছে। অবস্থা যে পর্যায়ে যাচ্ছে তাতে নান্দাইল আক্রান্ত হওয়ার বাইরে থাকার কথা নয়। কিন্তু হাসপাতালে কর্মরত লোকজনের মাধ্যমে নান্দাইলে করোনার সংক্রমণ ঘটতে পারে, এটা তাঁদের ধারণায় ছিল না। স্থানীয় বাসিন্দরা বলেন, করোনার হটস্পট ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গভীর রাতে সমানে লোকজনের আগমন ঘটছে। তাঁদের মধ্যে কেউ হয়তো প্রকৃত তথ্য গোপন করে অসুস্থতা নিয়ে নান্দাইল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।