নান্দাইলে ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার রহিমপুর গ্রামে গতকাল রোববার প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মীর হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, মীর হোসেনের একখণ্ড জমি অন্যের নামে আরওআর (রেকর্ডস অব রাইটস) হয়। তিনি দীর্ঘ দিন ধরে মামলা লড়ে সেই জমি নিজের নামে রেকর্ডভুক্ত করেন। প্রায় ৩০ বছর ধরে ওই জমি ভোগ দখল করে আসছিলেন তিনি। কিন্তু প্রতিপক্ষ তা মেনে নিতে পারেনি। এর জের ধরে গতকাল দুপুরে ওই বিরোধপূর্ণ জমির পাশে গেলে প্রতিপক্ষের লোকজন মীর হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সোহরাব উদ্দিন প্রথম আলোকে জানান, জমি নিয়ে বিরোধের ঘটনায় গ্রামে বেশ কয়েকবার সালিস হয়। সালিসে মীর হোসেন জমির মালিকানাসংক্রান্ত কাগজপত্র প্রদর্শন করেন। কিন্তু প্রতিপক্ষ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবীর সন্ধ্যায় জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।