নান্দাইলে নতুন ডিলার নিয়োগের জন্য মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির নতুন করে ডিলার নিয়োগের জন্য মাইকিং করা হচ্ছে। গতকাল সোমবার সকাল থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নান্দাইল পৌর শহরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অদক্ষতা ও অব্যবস্থাপনার অভিযোগে গত সেপ্টেম্বরে নিয়োগ করা নান্দাইল উপজেলার মোট ২৪ জন পরিবেশকের (ডিলার) ডিলারশিপ বাতিল করে খাদ্য বিভাগ। সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে প্রশাসন জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়। ডিলারশিপ বাতিলের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শাহানুর আলমের নির্দেশে পরিবেশকের জামানতের অর্থ গত রোববার ফেরত দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও ও সংশ্লিষ্ট খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মাদ শাহানুর আলম বলেন, ২০১৬ সালের নীতিমালা অনুযায়ী প্রতি ৫০০ জন হতদরিদ্র মানুষের জন্য একজন করে ডিলার নিয়োগ করা হবে। হতদরিদ্র মানুষের তালিকা যাচাই-বাছাই করে প্রণয়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত সোমবার প্রথম আলোয় ‘নান্দাইলের ২৪ ডিলারই বাদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।