নান্দাইলে নবজাতক চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলের ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি ওয়ার্ড থেকে গতকাল বুধবার বেলা একটার দিকে একটি নবজাতক চুরি হয়েছে। সদ্যোজাত ছেলেশিশুটি নান্দাইল পৌরসভার পাছপাড়া গ্রামের সুমন মিয়ার স্ত্রী হেনা আক্তারের। তিনি গত সোমবার শিশুটির জন্ম দেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলার ওই ওয়ার্ডে গিয়ে দেখা যায়, হেনা আক্তার নির্বাক বসে আছেন। তাঁর চারপাশে স্বজনদের ভিড়। হেনা আক্তার (২৩) জানান, তিনি একটি বেসরকারি সংস্থার স্বাস্থ্য প্রকল্পে কর্মরত। প্রসববেদনা নিয়ে সোমবার হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি হন। ওই দিন বিকেলে একটি পুত্রসন্তান জন্ম দেন। প্রসবের পরে তিনি ওয়ার্ডের ৪৭ নম্বর শয্যায় চিকিৎসাধীন ছিলেন। গতকাল দুপুরে গোলাপি বোরকা পরা এক অপরিচিত নারী তাঁর সন্তানকে কোলে নেওয়ার আবদার করেন। তিনি শিশুটিকে ওই নারীর কোলে দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ওই নারী অনেকটা জোর করে শিশুটিকে কোলে নিয়ে আদর করতে থাকেন। হঠাৎ ওই নারী ওয়ার্ড থেকে বেরিয়ে যান। অসুস্থ শরীর নিয়ে হেনা আক্তার চিৎকার দিয়ে হাসপাতালের বারান্দায় দৌড়াতে থাকেন। তাঁর চিৎকারে হাসপাতালের লোকজন অজ্ঞাতনামা নারীর খোঁজে সারা হাসপাতালে তল্লাশি চালান। কিন্তু তাঁর সন্ধান পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএ) আবুল কাশেম জানান, তিনি ছুটিতে রয়েছেন। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোতালেব বলেন, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।