নান্দাইলে নারী শ্রমিকদের বেতন থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে (আরএমপি) কর্মরত নারী শ্রমিকেরা তাঁদের বেতন থেকে প্রতি মাসে টাকা কেটে নেওয়ার অভিযোগ করেছেন।গতকাল সোমবার নান্দাইল শহরের সোনালী ব্যাংকের শাখা থেকে বেতনের টাকা উত্তোলনকালে ৫০ টাকা করে কম দেওয়ার সময় প্রতিবাদ জানান ওই নারী শ্রমিকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে নারী শ্রমিকেরা সাংবাদিকদের জানান, চাকরি দেওয়ার সময় তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। ব্যাংকের হিসাব খোলার সময় তাঁদের কাছ থেকে ৮০০ থেকে এক হাজার করে টাকা নেওয়া হলেও হিসাবে জমা দেওয়া হয়েছে মাত্র ৫০০ টাকা।নারী শ্রমিকেরা জানান, তাঁরা নান্দাইল উপজেলার ১২টি ইউনিয়নের এলজিইডির নির্মিত গ্রামীণ সড়কগুলো রক্ষণাবেক্ষণ করে থাকেন। প্রতিটি ইউপিতে ১০ জন করে মোট ১২০ জন নারী শ্রমিক আরএমপিতে (রোড মেইনটেন্যানস প্রজেক্ট) নিয়োজিত আছেন। প্রতি মাসে এ জন্য তাঁদের সংশ্লিষ্ট বিভাগ থেকে এক হাজার ৫৭০ টাকা (মাস ৩১ দিন হলে এক হাজার ৬২৪ টাকা) করে পারিশ্রমিক দেওয়া হয়। মুশুলি ইউপির ফিরোজা বেগম (৪০), আচারগাঁও ইউপির নূরজাহান (৩৫), জাহাঙ্গীরপুর ইউপির কুলসুম (৩৭) ও জোসনা বেগমসহ (৩৫) অন্যরা জানান, নানা অজুহাতে তিন বছর ধরে তাঁদের কাছ থেকে প্রতি মাসে টাকা কেটে রাখা হচ্ছে। তাঁরা আরও জানান, হিসাব খোলার সময় তাঁদের কাছ থেকে ৮০০ থেকে এক হাজার টাকা করে নেওয়া হলেও হিসাবে মাত্র ৫০০ টাকা জমা দেওয়া হয়েছে। তাঁদের কাছে হিসাবের বিপরীতে কোনো পাস বই দেওয়া হয়নি। কয়েক মাস পরপর তাঁদের বেতনের টাকা দেওয়া হয়।গতকাল সোমবার বেতনের টাকা পরিশোধের সময় ব্যাংকে উপস্থিত উপজেলা এলজিইডি অফিসের ফ্যাসিলেটর আবুল বাশার ও আতিকুর রহমান বলেন, ‘আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, সেভাবেই কাজ করছি।’ ৫০ টাকা কেটে নেওয়ার বিষয়ে তাঁরা জানান, রাজস্ব টিকিট ও ফরম কেনার জন্য এসব টাকা কেটে রাখা হয়।