নান্দাইলে নারীকে পুড়িয়ে মারার ঘটনায়, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের আচারগাঁও এলাকার রুমা আক্তারকে (২৫) ঘরে আটকে পুড়িয়ে মারার ঘটনায় জড়িত সন্দেহে গত মঙ্গলবার গভীর রাতে রতন মিয়া (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি আচারগাঁও এলাকায়।
এ ঘটনায় রুমার বাবা নজরুল ইসলাম নান্দাইল মডেল থানায় ছয়জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছেন বাচ্চু মিয়া, নবী হোসেন, ভুট্টো মিয়া, বাদল মিয়া ও রতন মিয়া এবং রুমার কথিত স্বামী পাকুন্দিয়া উপজেলার মিজান। রতন মিয়াকে ওই মামলায় গতকাল বুধবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।
নান্দাইল শহরের জলসিঁড়ি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত একটি ভাড়া বাসায় গত রোববার রাতে এক রহস্যময় অগ্নিকাণ্ডের ঘটনায় রুমা তাঁর নিজ ঘরে অগ্নিদগ্ধ হন। এ সময় ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ থাকায় রুমা ঘর থেকে বের হতে পারেননি। পরে এলাকার লোকজন রুমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রুমা মারা যান।