নান্দাইলে পচা মাংস জব্দ, ২১ দিনেও মামলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌরবাজার থেকে পচা মাংস উদ্ধারের ঘটনায় ২১ দিনেও থানায় নিয়মিত মামলা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২ আগস্ট জনৈক ক্রেতা ওই বাজার থেকে মাংস কেনেন। পরে অন্য পণ্য কেনার সময় তাঁর বাজারের থলে থেকে দুর্গন্ধ বের হয়। তখন তিনি দেখতে পান, তাঁর কেনা মাংস সবই পচা। তা ৎ ক্ষণিকভাবে তিনি বিষয়টি পৌরসভার স্যানিটারি পরিদর্শককে অবহিত করেন। পরে পরিদর্শক শাহজাহান মিয়া ঘটনাস্থলে এসে ওই বিক্রেতার দোকান থেকে বিপুল পরিমাণ পচা মাংস জব্দ করেন।এ ঘটনায় নান্দাইলের পৌর মেয়র আজিজুল ইসলাম পিকুল ওই দিনই নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে বাজারের আটজন মাংসবিক্রেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। উদ্ধার হওয়া মাংস পরীক্ষার জন্যে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠানো হয়। যোগাযোগ করা হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল হাই জানান, ওই মাংস খাওয়ার অনুপোযোগী। ওই পরীক্ষার প্রতিবেদন ১১ আগস্ট তিনি থানায় পাঠিয়েছেন। অনুসন্ধানে জানা গেছে, পৌরবাজারে মাংসবিক্রেতাদের একটি সংঘবদ্ধ দল রয়েছে। এরা বিভিন্ন সময় পচা মাংস বিক্রি করে। কয়েকজন ক্রেতা অভিযোগ করেছেন, এসব বিষয়ে অভিযোগ করলে তাঁদের ভয়ভীতি দেখানো হয়ে থাকে। তাঁরা অভিযোগ করেন, ২ আগস্টের ঘটনার পর একটি পক্ষ ওই মাংস বিক্রেতাদের মামলার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। এ ব্যাপারে ওই পক্ষটি থানায় গিয়ে মধ্যস্থতা করেছে। এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম বলেন, ওই মাংসবিক্রেতাদের বিরুদ্ধে আদালতে প্রসিকিউশন পাঠানো হয়েছে। প্রসিকিউশন কী?—জানতে চাইলে থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই খন্দকার জাকির হোসেন বলেন ‘কোনো ঘটনায় অপরাধ আমলযোগ্য হলে নিয়মিত মামলা দায়ের করা হয়, আমলযোগ্য না হলে আদালতে প্রসিকিউশন পাঠানোর বিধান রয়েছে।’ ময়মনসিংহ আইনজীবী সমিতির হাবিবুর রহমান ফকির প্রথম আলোকে বলেন, পচা মাংস জব্দ করার ঘটনায় বিশুদ্ধ খাদ্য আইনে নিয়মিত মামলা করাটাই স্বাভাবিক। এ ছাড়া পুলিশ ভ্রাম্যমাণ আদালতের দ্বারস্থ হতে পারত।পৌর মেয়র আজিজুল ইসলাম বলেন, এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলবেন।