নান্দাইলে পরিবারের সবাইকে অচেতন করে স্বর্ণালংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকার একটি বাসায় চেতনানাশক ছিটিয়ে এক পরিবারের সবাইকে অচেতন করে স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে শহরের চণ্ডীপাশা আবাসিক এলাকার আবু সাঈদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ শিশুসহ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবু সাঈদ উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের তসরা গ্রামের বাসিন্দা। তিনি চাকরির সুবাদে ঢাকায় থাকেন।

এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার সকালে পরিবারের কেউ ঘুম থেকে উঠছিলেন না। সাঈদের ছেলে কলেজছাত্র ওমর ফারুকের সহপাঠীরা বাসায় কয়েকবার খোঁজ নিতে এসে প্রতিবারই সবাইকে ঘুমিয়ে থাকতে দেখে। একপর্যায়ে প্রতিবেশীদের সন্দেহ হলে তাঁরা ঘরে ঢুকে সবাইকে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু এর পরও তাঁরা কেউ ওঠেননি। পরে ওই বাসা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় সাঈদের স্ত্রী কুলসুম আক্তার (৩০), তাঁদের মেয়ে এসএসসিপরীক্ষার্থী সুমাইয়া আক্তার (১৫), ছেলে ওমর ফারুক (১৭) ও পিয়াসকে (৫) নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় প্রতিবেশীরা বাসার জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। তবে এর আগেও পৌরসভার চণ্ডীপাশা আবাসিক এলাকার বিভিন্ন বাসায় এ ধরনের তিনটি ঘটনা ঘটে।

খবর পেয়ে সাঈদের কয়েকজন আত্মীয়স্বজন ঘটনাস্থলে আসেন। তাঁরা জানান, কুলসুম ও সুমাইয়ার গলা এবং কানে থাকা স্বর্ণালংকার দুর্বৃত্তরা নিয়ে গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রহিমা আক্তার জানান, অসুস্থ লোকজন সপ্তাহব্যাপী চিকিৎসা নিলে সুস্থ হয়ে উঠবেন।

এ ব্যাপারে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ্‌ প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজ নিচ্ছে।