নান্দাইলে পাঁচ শিশু তিন দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাঁচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিশু শিক্ষার্থী তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। গত রোববার বিদ্যালয়ে আসার পর তারা আর বাড়ি ফেরেনি।নিখোঁজ হওয়া শিক্ষার্থীরা হচ্ছে, পাঁচানি গ্রামের আবদুস সাত্তারের মেয়ে হেপি আক্তার, আবদুল আলিমের মেয়ে পিংকি আক্তার, খুর্শেদ মিয়ার মেয়ে সালমা আক্তার, আবু তাহেরের মেয়ে মারুফা আক্তার এবং পুরাতন পাঁচানি বাজার এলাকার উজ্জ্বল মিয়ার ছেলে টোটন মিয়া। এদের মধ্যে প্রথম চারজন চতুর্থ শ্রেণীর এবং শেষের জন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, রোববার বেলা ১১টার দিকে হেপি, পিংকি, সালমা ও মারুফা বিদ্যালয়ে এসে বেঞ্চে বই রেখে টোটন মিয়ার সঙ্গে বের হয়ে যায়। এরপর তারা আর ফিরে আসেনি।প্রধান শিক্ষক মাহবুবুর রহমান দাবি করেন, বিদ্যালয় চলাকালে ওই শিশুরা নিখোঁজ হয়নি। তা ছাড়া নিখোঁজের বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকেরা তাঁকে কিছু জানাননি। নিখোঁজ হওয়া ছাত্রীদের বাবারা জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাঁরা তাঁদের মেয়েদের সন্ধান পাননি। উজ্জ্বল মিয়ার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী হেনা আক্তার বলেন, ‘আমার ছেলে কোনো দিন গ্রামের বাইরে যায়নি। ছেলেকে খুঁজে বের করার জন্য আমার স্বামী বিভিন্ন স্থানে ছোটাছুটি করছেন।’নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে শিক্ষার্থীদের অভিভাবকেরা পুলিশকে কিছুই জানাননি। বিষয়টি জানার পর গতকাল মঙ্গলবার ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।