ময়মনসিংহের নান্দাইলে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের শ্রমিকেরা তাঁদের পাওনা পরিশোধের দাবিতে গত বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন করেছেন। পাওনা পরিশোধে উদ্যোগ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সঞ্চারকলিপিও দেন তাঁরা।
মোয়াজ্জেমপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিকেরা উপজেলা সদরে এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকেরা জানান, ২০১২-১৩ অর্থবছরে উপজেলার বিভিন্ন স্থানে তাঁরা অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের শ্রমিক হিসেবে কাজ করেন। ৪০ দিনের এ প্রকল্পে কাজ করে তাঁরা পেয়েছেন ২০ দিনের অর্থ। বাকি দিনগুলোর টাকা তাঁদের দেওয়া হয়নি। বকেয়া পাওনা পেতে তাঁরা ইউনিয়ন পরিষদে (ইউপি) ঘোরাঘুরি করেও কারও সাড়া পাননি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, গত অর্থবছরে ৪৮০ জন শ্রমিক নয়টি প্রকল্পে মাটি কাটার কাজ করেন। কাজ শেষে প্রকল্প কমিটির সদস্যরা ব্যাংক থেকে বরাদ্দ দেওয়া অর্থ তুলে নিয়েছেন। তবে অনেক শ্রমিকই ওই অর্থ পাননি।
ইউনিয়নের নয়নপুর গ্রামের শ্রমিক নাজিম উদ্দিন, দত্তপুর গ্রামের আবদুল হাই, কানুরামপুর গ্রামের আবদুস সালাম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রকল্প কমিটির লোকজনের পেছনে ঘুরেও তাঁরা নিজেদের পাওনা আদায় করতে পারেননি। পরে তাঁরা উপজেলা সদরে এসে মানববন্ধন করে ইউএনওর কাছে সঞ্চারকলিপি দিয়েছেন।
সংশ্লিষ্ট ইউপির সদস্য আবদুল মোমেন বলেন, প্রকল্প চলাকালে যেসব শ্রমিক অনুপস্থিত ছিলেন, তাঁদের মজুরিই সরকারি নিয়মানুযায়ী কাটা হয়েছে। শ্রমিকদের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।
ইউএনও অহিদুল ইসলাম বলেন, ‘অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের শ্রমিকদের টাকা পাওয়ার বিষয়টি গত অর্থবছরের। আমি কয়েক দিন হলো এখানে যোগ দিয়েছি। শ্রমিকদের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’