নান্দাইলে পুকুর ও বালতির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পৃথক ঘটনায় পানিভর্তি বালতি ও পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভার চারিআনিপাড়া মহল্লায় ও গত বুধবার বিকেলে উপজেলার ধুরুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, চারআনিপাড়া মহল্লার বাসিন্দা মো. হুমায়ুন কবিরের দেড় বছর বয়সী ছেলে মো. আলীম ঘরের ভেতরে খেলা করার সময় গোসলখানায় ঢুকে পড়ে। পরে সেখানে পানিভর্তি বালতির মধ্যে উপুড় অবস্থায় শিশুটির লাশ পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন। বাড়ির লোকজন শিশুটিকে বালতি থেকে তুলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বুধবার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের মো. ফিরোজ আহম্মেদের ছেলে মো. সাব্বির আহম্মেদ (৫) সবার অলক্ষ্যে বাড়ির সামনের পুকুরে পানিতে পড়ে যায়।
সাব্বিরের চাচা ফারুক আহম্মেদ বলেন, খুঁজে না পেয়ে সন্দেহ করে পুকুরে জাল ফেলে সাব্বিরের মরদেহ পাওয়া যায়। দ্রুত তাঁকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।