নান্দাইলে প্রতারণা মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে গত মঙ্গলবার রাতে প্রতারণা মামলার দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আসামিরা হলেন: ঈশ্বরগঞ্জ উপজেলার পূর্ব গালাহার গ্রামের স্বপন মিয়া (২৫) ও শিপন মিয়া (২৪)। পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংদীর মাধবপুর থানার কোতোয়ালির চর এলাকার হাবিবুল্লাহর বাড়িতে থেকে নজরুল ইসলাম ছদ্মনামে (প্রকৃত নাম আবদুল কদ্দুস) এক ব্যক্তি গৃহশিক্ষকতা করতেন। একপর্যায়ে হাবিবুল্লাহর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। হাবিবুল্লাহকে ঈশ্বরগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রামের নিজ বাড়িতে বেড়ানোর আমন্ত্রণ জানান নজরুল। গত ২৭ জুলাই হাবিবুল্লাহ তাঁর স্ত্রীকে নিয়ে নজরুলের বাড়ি বেড়ানোর উদ্দেশে বের হন। কিন্তু নজরুল তাঁদের নিজ বাড়িতে না নিয়ে নান্দাইল উপজেলার দত্তপুর গ্রামে তাঁর এক বন্ধুর বাড়িতে নিয়ে যান। রাতে নজরুল ও তাঁর সহযোগীরা অস্ত্রের মুখে হাবিবুল্লাহ দম্পতির কাছে থাকা টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন কেড়ে নেন। পরে তাঁদের মারধর করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ফেলে রাখেন। এ ঘটনার পরদিন হাবিবুল্লাহ নান্দাইল মডেল থানায় নজরুল, স্বপন ও শিপনসহ সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আট-নয়জনের বিরুদ্ধে মামলা করেন।মডেল থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার জাকির হোসেন প্রথম আলোকে জানান, গ্রেপ্তার করা স্বপন ও শিপন একটি সংবদ্ধ প্রতারকচক্রের সদস্য।