নান্দাইলে প্রতিমা ভাঙচুর ও খড়ের গাদায় আগুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সাভার সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপের একটি প্রতিমা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। একই সময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিরঞ্জন চন্দ্র বর্মণের বাড়ির একটি শামিয়ানা ও কয়েকটি জামা-কাপড় এবং এক আওয়ামী লীগ নেতার খড়ের গাদায় আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা।
নিরঞ্জন চন্দ্র জানান, মন্দিরে দুর্গা প্রতিমা তৈরির কাজ শেষে রঙের কাজ চলছিল। সোমবার রাতে কাজ শেষে মন্দিরের সামনের অংশ ত্রিপল ও বাঁশ দিয়ে বন্ধ করে রাখা হয়। রাত তিনটার দিকে তাঁরা হইচই শুনে ঘুম থেকে উঠে দেখেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাইদের খড়ের গাদায় আগুন জ্বলছে। আগুন নিভিয়ে বাড়ি ফিরে দেখতে পান, তাঁর (নিরঞ্জন) বারান্দায় রাখা শামিয়ানায় আগুন জ্বলছে। এ সময় তাঁরা মন্দিরের গিয়ে দেখেন, সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু গতকাল সকালে কারিগর এসে দেখতে পান, সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙা। থানার ওসি জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।