নান্দাইলে বখাটের বিরুদ্ধে কলেজছাত্রীর মামলা
কলেজ ছুটির পর বাড়ি ফেরার পথে উত্ত্যক্ত করার অভিযোগে ফিরোজ মিয়া (২১) নামের এক বখাটের বিরুদ্ধে ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় মামলা করেছে এক কলেজছাত্রী। মেয়েটি গত শনিবার অভিভাবকদের নিয়ে থানায় গিয়ে মামলাটি করে।
অভিযুক্ত ফিরোজ (২১) নান্দাইল উপজেলার পাঁচরুখি গ্রামের শামছুল মিয়ার ছেলে। মামলার বিবরণ ও ছাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, সে নান্দাইল পৌর এলাকায় অবস্থিত একটি কলেজের (সমুর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজ) দ্বাদশ শ্রেণীর ছাত্রী। পৌর সদর থেকে প্রায় নয় কিলোমিটার দূরের উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখি গ্রাম থেকে সে এ কলেজে আসে। কলেজে আসা-যাওয়ার পথে ফিরোজ দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছেন। গত বৃহস্পতিবার কলেজ ছুটির পর বাড়িতে যাওয়ার পথে বখাটে ফিরোজ ছাত্রীর পথরোধ করেন। একপর্যায়ে তাকে রাস্তা থেকে তুলে নেওয়ার জন্য টানাহ্যাঁচড়া শুরু করেন। ভয়ে সে চিৎকার শুরু করলে আশপাশের বাড়ি থেকে লোকজন ছুটে আসে। এ সময় ফিরোজ পালিয়ে যান।
শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে রাস্তাঘাটে মেয়েদের প্রতি এ ধরনের আচরণ বাড়তেই থাকবে। ঘটনার প্রত্যক্ষদর্শী পূর্ব-রাজাবাড়িয়া গ্রামের দুই ব্যক্তি জানান, রাস্তায় মেয়েটির হাত ধরে টানাহ্যাঁচড়া করার সময় মেয়েটি চিৎকার ও কান্নাকাটি করতে থাকে। লোকজন চলে এলে ছেলেটি পালিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবীর জানান, ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ফিরোজ। ছাত্রীর পরিবার স্বল্প শিক্ষিত ছেলের সঙ্গে কলেজছাত্রীর বিয়ের প্রস্তাব শুরুতেই প্রত্যাখ্যান করে। এতে ফিরোজ ক্ষিপ্ত হয়ে ওই ঘটনা ঘটিয়েছে। মামলা হওয়ার পর থেকে ফিরোজ পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।