নান্দাইলে বাবা-তিন ছেলে হত্যায় মামলা, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাঁশহাটি গ্রামের বিল্লাল হোসেন ও তাঁর তিন ছেলেকে হত্যার ঘটনায় গত শনিবার দুজনকে আটক করেছে পুলিশ। হত্যার ঘটনায় গতকাল রোববার নান্দাইল থানায় মামলা করেছেন বিল্লালের স্ত্রী বানেছা আক্তার।
কাঠমিস্ত্রি বিল্লাল ও তাঁর ছেলে পাভেল মিয়াকে (১৬) শুক্রবার রাতে তাঁদের বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় আহত হন বিল্লালের স্ত্রী বানেছা। পরে বাড়ি থেকে কিছুটা দূরে কুপিয়ে হত্যা করা হয় বিল্লালের অপর দুই ছেলে ফরিদ মিয়া (৩৫) ও হিমেল মিয়াকে (১৪)। পরদিন বিল্লালের বড় ভাই লাল মিয়ার ছেলে জামাল উদ্দিনের মরদেহ ওই গ্রাম থেকেই উদ্ধার করা হয়।
নান্দাইল মডেল থানার ওসি সৈয়দ আবদুল্লাহ বলেন, ওই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের একটি বিশেষ বিভাগ গত শনিবার রাতে বাঁশহাটি গ্রাম থেকে আলী আকবর ও হারুন মিয়াকে আটক করে। ময়মনসিংহে ওই বিভাগের হেফাজতে রেখে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিললে তাঁদের গ্রেপ্তার দেখানো হবে। ওসি জানান, নিহত বিল্লালের স্ত্রী বানেছা আক্তার ১৩ জনকে আসামি করে মামলা করেছেন। মামলায় লাল মিয়া, তাঁর ছেলে কামালের নাম রয়েছে।
আটক আলী আকবরের স্ত্রী স্কুলশিক্ষিকা শাহানা আক্তার জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদ করার কথা বলে শনিবার রাত ১২টার দিকে তাঁর স্বামীকে গোয়েন্দা সংস্থার লোকজন ডেকে নিয়ে যায়। আটক আলী আকবর নিহত বিল্লালের চাচাতো ভাই। হারুন মিয়া লাল মিয়ার সহযোগী বলে পুলিশ জানিয়েছে।
লাশ দাফন: কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিল্লাল ও তাঁর তিন ছেলের মরদেহ গত শনিবার গভীর রাতে তাঁদের বাড়ির পাশে দাফন করা হয়েছে।