ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ ঠেকিয়ে দিল একই বিদ্যালয়ের সাত ছাত্রী। এই সাত ছাত্রী মিলে একটি সংগঠন তৈরি করেছে। মেয়েদের উত্ত্যক্তকরণের প্রতিবাদ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার এই সংগঠনটির নাম ‘ঘাসফুল’। এর সদস্যরা ময়মনসিংহের নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণিতে পড়ে।
এদিকে টাঙ্গাইলের সখীপুরে এবং নীলফামারীর সৈয়দপুরে আরও দুই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করার খবর পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার নান্দাইলে নবম শ্রেণির ছাত্রী নাদিরা আক্তারের বিয়ের দিনক্ষণ ঠিক হয়। খবরটি জানতে পেরে ঘাসফুলের সদস্যরা বৈঠক করে বাল্যবিবাহটি ঠেকানোর সিদ্ধান্ত নেয়। প্রথমে তারা বিয়েটি বন্ধ করার জন্য মেয়েটির অভিভাবকদের বোঝায়। এতে কাজ না হওয়ায় গত সোমবার তারা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়। প্রধান শিক্ষক তাদের একটি আবেদনপত্র লিখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দিতে বলেন। গতকাল তারা আবেদনটি ইউএনও মো. হাফিজুর রহমানকে দেয়। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রোমানা আক্তারকে বিয়েটি বন্ধের ব্যবস্থা নিতে নির্দেশ দেন ইউএনও। গতকাল বেলা দুইটার দিকে রোমানা আক্তারসহ ঘাসফুলের সদস্যরা বিয়ের আসরে গিয়ে তা বন্ধ করে দেন।
ঘাসফুলের সদস্যরা হলো সানজিদা ইসলাম, জেবুন্নেছা খানম, জান্নাতুল ইসলাম, স্নেহা বর্মণ, তুলি দেবনাথ, রিজোয়ানা তাবাসসুম ও জেরিনা সুলতানা।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন, ছাত্রীদের দলটি পড়ালেখার ফাঁকে অন্যদের প্রতিবাদী হতে উদ্বুদ্ধ করছে। ঘাসফুল গঠিত হওয়ার পর থেকে এর সদস্যরা মেয়েদের উত্ত্যক্তের প্রতিবাদ ও বাল্যবিবাহ ঠেকানোর কাজ করে আসছে।
ইউএনও মো. হাফিজুর রহমান ও রোমানা আক্তার বলেন, ছাত্রীদের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কাজে তাদের সহযোগিতা করা হবে।
সখীপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও
টাঙ্গাইলের সখীপুরে কেজিকে উচ্চবিদ্যালয়ের এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ ঠেকিয়েছেন ইউএনও। গত সোমবার রাতে নবম শ্রেণিতে পড়ুয়া হাসি আক্তারের বিয়ের প্রস্তুতি চলছিল। গোপনে খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে ইউএনও মৌসুমী সরকার রাখী বহেড়াতৈল ইউপির চেয়ারম্যান গোলাম ফেরদৌস ও বহুরিয়া ইউপির চেয়ারম্যান গোলাম কিবরিয়া এবং পুলিশ নিয়ে ওই বাড়িতে যান। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মেয়েটির বাবা ও বরযাত্রীরা পালিয়ে যান। পরে ইউএনও মেয়েটি ও তার মাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে বিয়ে বন্ধ করেন। এ সময় মেয়েটির মা আর বাল্যবিবাহ দেবেন না বলে মুচলেকা দেন।
সখীপুরের ইউএনও এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সৈয়দপুরেও ইউএনওর হস্তক্ষেপে
নীলফামারীর সৈয়দপুরের পল্লিতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী। সোমবার রাতে ওই ছাত্রীর বিয়ে ঠিক করা হয় এক ট্রলিচালকের সঙ্গে।
উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বাসিন্দা ও মসজিদের মুয়াজ্জিন নজরুল ইসলামের মেয়ে এবং কাশিরাম আলিম মাদ্রাসার ছাত্রী নাসিমা আক্তারের (১৫) বিয়ে ঠিক করা হয়। খবর পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি ইউএনওকে অবহিত করে। এরপর ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন ইউএনও।
ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী রাতেই ঘটনাস্থলে গিয়ে ওই বাল্যবিবাহ বন্ধের বিষয়টি নিশ্চিত হন।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নান্দাইল (ময়মনসিংহ), সখীপুর (টাঙ্গাইল) ও সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি}