নান্দাইলে বাসচাপায় দাদা-নাতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাসচাপায় আজ রোববার দুপুরে দাদা-নাতির মৃত্যু হয়েছে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে কানুরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নান্দাইল উপজেলার দরিল্লা গ্রামের মো. আবু সিদ্দিক (৬৫) ও তাঁর নাতি মো. রাইয়ান (৫)। নিহত আবু সিদ্দিক ব্যাংক এশিয়ার তাড়াইল উপজেলা শাখার কর্মকর্তা মো. আবু রেজা সিদ্দিকের বাবা। আর রাইয়ান তাঁর ছেলে।

নিহত দুজনের পারিবারিক সূত্র জানায়, আজ সকালে দুই নাতি ও পুত্রবধূকে নিয়ে মোটরসাইকেলে করে বেয়াইয়ের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজহাটি গ্রামে যাচ্ছিলেন আবু সিদ্দিক। পথে দুর্ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. আবদুল হেলিম জানান, মহাসড়কের কানুরামপুর পূর্ব বাসস্ট্যান্ডে মোটরসাইকেল থামিয়ে এক বৃদ্ধ দুই শিশুকে পানি পান করাচ্ছিলেন। এ সময় একটি বাস তাঁদের চাপা দেয়।

ঘটনাস্থলেই শিশু রাইয়ান মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে শিশুটির দাদা আবু সিদ্দিক মারা যান। বাসের ধাক্কায় কোলের শিশুসন্তান ফাহিমাকে নিয়ে দূরে ছিটকে পড়েন রাইয়ানের মা নাসরিন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষুব্ধ জনতা বাস ও এর চালককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বাসটি চালাচ্ছিলেন চালকের সহকারী মো. হাবিবুর রহমান। ঈদ উপলক্ষে বাড়তি আয়ের আশায় লক্কড়-ঝক্কড় বাস নিয়ে সহকারী পথে নেমেছিলেন।