নান্দাইলে বিএডিসির বীজ ডিলার নিয়োগে অনিয়ম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশ উপেক্ষা করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসির) ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় থেকে কালো তালিকাভুক্ত এক বীজ ডিলারকে পুনরায় লাইসেন্স প্রদানের অভিযোগ পাওয়া গেছে। ওই ডিলারের নাম ফিরোজ আলম।ফিরোজ আলমের ব্যবসাপ্রতিষ্ঠানের নাম সুরভী এন্টারপ্রাইজ। কাগজপত্রে উপজেলার উলুহাটি বাজারে ওই ব্যবসাপ্রতিষ্ঠানের অবস্থানের কথা উল্লেখ রয়েছে। গতকাল মঙ্গলবার উলুহাটি বাজারে খোঁজ নিয়ে জানা যায়, এই নামে কোনো ব্যবসাপ্রতিষ্ঠান ওই বাজারে নেই। ওই বাজারে ‘এমকে বীজ ভান্ডার’ নামে একটি বীজ বিক্রির দোকান ওই এলাকার মুজাহিদ উদ্দিন ভূঁইয়া পরিচালনা করছেন।নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা আ. সাত্তার বলেন, ২০১০ সালের আগে বিভিন্ন ফসলের মৌসুমে ‘সুরভী এন্টারপ্রাইজ’ নামের ওই ডিলার ময়মনসিংহের বিএডিসির আঞ্চলিক গুদাম থেকে বীজ উত্তোলন করলেও স্থানীয় কৃষি অফিসে আগমনী প্রতিবেদন (এরাইভাল রিপোর্ট) জমা দেয়নি। পরে নান্দাইলের পূর্ব অঞ্চলের কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কৃষি অফিস সরেজমিন তদন্ত করে জানতে পারে, ওই ডিলার বীজ উত্তোলন করে বেশি দামে নান্দাইলের বাইরে বিক্রি করে দিয়েছেন। নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা আ. সাত্তার প্রথম আলোকে বলেন, কীভাবে ওই লাইসেন্স দেওয়া হয়েছে, তিনি জানেন না। বিএডিসির বীজ বিতরণ শাখার উপপরিচালক সুব্রত কর্মকার বলেন, সুরভী এন্টারপ্রাইজকে এক বছর কালো তালিকাভুক্ত করে রেখে শাস্তি দেওয়া হয়েছে।সুরভী এন্টারপ্রাইজ নামে কোনো ব্যবসাপ্রতিষ্ঠান ও এর মালিক ফিরোজ আলমকে খুঁজে পাওয়া যায়নি। এ কারণে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।