নান্দাইলে বিএনপির ইফতার পার্টিতে গুলিবর্ষণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ইফতার পার্টিতে দুই নেতার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সময় এক নেতা তাঁর লাইসেন্স করা অস্ত্র ব্যবহার করে তিনটি ফাঁকা গুলিবর্ষণ করলে উত্তেজিত লোকজন তাঁকে ধাওয়া করে বলে সেখানে উপস্থিত লোকজন জানান। পরে ঘটনাস্থলে দুই থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় লোকজন জানান, গত শুক্রবার কিশোরগঞ্জ জেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ইফতার পার্টির আয়োজন করে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাকচান্দা বাজারে। ওই ইফতার পার্টিতে কিশোরগঞ্জ জেলা বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোবিন রহমান যোগ দেন। একই ইফতার পার্টিতে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন মাসুদ সোহেলও আসেন। জেলা থেকে অন্য নেতারা কেন সেখানে আসেননি তা সোহেল জানতে চাইলে মোবিন রহমানের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এই সময় দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হওয়ার পর মোবিন তাঁর অস্ত্র দিয়ে ফাঁকা গুলিবর্ষণ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এই সময় উভয় পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়লে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এই বিষয়ে নান্দাইল থানার উপপরিদর্শক আবুল মোতালেব জানান, ঘটনাস্থল নান্দাইল থানার আওতাধীন হওয়ায় খবর পেয়ে তাঁরা সেখানে যান। গুলিবর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।এই ব্যাপারে ফরিদ উদ্দিন মাসুদের মুঠোফোনে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, বিতর্কিত নেতা মোবিন ইফতার পার্টিতে এসে অন্য নেতাদের সঙ্গে খারাপ আচরণ করেন। এতে উপস্থিত জনতা প্রতিবাদ জানালে তিনি তিনটি গুলিবর্ষণ করেন। এই ব্যাপারে মোবিন রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ইফতার মাহফিলে কতিপয় উচ্ছৃঙ্খল লোকজন খারাপ আচরণ করে ইফতার মাহফিল পণ্ড করার চেষ্টা করলে আমি ফাঁকা গুলি করে পরিস্থিতি স্বাভাবিক করি।’