নান্দাইলে বিদ্যালয়ের সভাপতির বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আবদুস সামাদ একাডেমির ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিচারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। গতকাল শনিবার তারা এ কর্মসূচি পালন করে।
এসব কর্মসূচির কারণে নান্দাইল-হোসেনপুর সড়কে প্রায় আড়াই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। এতে ঢাকাগামী লোকজন দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে উপজেলার সিংরইল ইউনিয়নের বাকচান্দা বাজারের কাছে অবস্থিত আবদুস সামাদ একাডেমিতে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষে কোনো শিক্ষার্থী নেই। তারা সড়কে বিক্ষোভ করছে।
এ বিষয়ে আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী জানায়, গত বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর বিদ্যালয়ের খণ্ডকালীন করণিক সুনীল চন্দ্র দাসকে লাঞ্ছিত করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শামসূল বারী। এ ঘটনায় তাঁর বিচারের দাবিতে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
একাডেমির প্রধান শিক্ষক সুলতান আহমেদ বলেন, বিদ্যালয়ের আর্থিক হিসাবের বিবরণী তাৎক্ষণিক প্রদর্শন করতে না পারায় সভাপতি উত্তেজিত হয়ে করণিককে লাঞ্ছিত করেন। পরে অবশ্য সভাপতি তাঁকে (করণিক) ডেকে দুঃখ প্রকাশ করেছেন। সুনীল চন্দ্র গতকাল একাডেমিতে আসেননি।
এ বিষয়ে সুনীল চন্দ্র দাস মুঠোফোনে বলেন, ‘৭০ বছর বয়স আমার। ওই দিনের অপমানে আমি মানসিকভাবে বিপর্যস্ত।’ শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে তিনি বলেন, আন্দোলনের সঙ্গে তাঁর কোনো যোগসূত্র নেই।
একাডেমির ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামসূল বারী বলেন, ‘আর্থিক হিসাবের গরমিলের সন্তোষজনক জবাব দিতে না পারায় উত্তেজনার মুহূর্তে চার দেয়ালের ভেতরে ঘটনাটি ঘটে গেছে। সরি বলেছি। কিন্তু একটি মহল একাডেমির শিক্ষার্থীদের উসকে দিয়ে ফায়দা লুটতে চাইছে।’