নান্দাইলে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে চলছে মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে তিন দিনব্যাপী বৈশাখী মেলা চলছে। গতকাল সোমবার উপজেলার বেসরকারি সব উচ্চবিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চললেও এখানে চলেনি।গতকাল সকাল ১০টায় বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ভেতরে উচ্চ শব্দে মাইক বাজানো হচ্ছে। কিছুসংখ্যক ছাত্রীকে বিদ্যালয় চত্বরে ঘুরতে দেখা যায়। এদের মধ্যে কয়েকজন জানায়, তাদের কোচিং ক্লাস ছিল। কিন্তু মাইকের শব্দ ও শ্রেণীকক্ষের বারান্দায় দোকান বসানোর কারণে তারা ক্লাস করতে পারেনি। তাই তারা বাড়ি চলে যাচ্ছে। এ বিষয়ে জানার জন্য বিদ্যালয়ের অফিস কক্ষে গিয়ে প্রধান শিক্ষককে পাওয়া যায়নি। পরে তাঁর মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া জানান, আজ (সোমবার) বিদ্যালয় বন্ধ থাকার কথা নয়। পাইলট বালিকা উচ্চবিদ্যালয় বন্ধ কেন তা তিনি জানেন না। তিনি আরও বলেন, ‘প্রধান শিক্ষকের কাছ থেকে বিষয়টি জেনে নিন। বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে মেলা চালানোর বিষয়ে প্রধান শিক্ষকের কাছে ব্যাখ্যা চেয়েছি।’নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হামিদ মিয়া জানান, বিদ্যালয়ে মেলা আয়োজন করার বিষয়ে কেউ তাঁর কাছ থেকে অনুমতি নেননি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তিনি এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। নান্দাইল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম জানান, মেলা বন্ধ করার বিষয়টি নিয়ে তিনি ভাবছেন।