নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু
ময়মনসিংহের নান্দাইলে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমর উদ্দিন সরকার নামের (৫৫) এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কমর উদ্দিন নান্দাইল উপজেলার সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) নান্দাইল উপজেলার সভাপতি ছিলেন।
হাসপাতালে উপস্থিত কমর উদ্দিন সরকারের কয়েকজন আত্মীয় ও প্রতিবেশীরা জানান, সারা দিন নান্দাইল পৌর শহরে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অবস্থান করে বিকেলে তিনি গ্রামের বাড়ি আচারগাঁওয়ে যান। সন্ধ্যার পর বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক বাতি পরিবর্তনের সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে ওই অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে কমর উদ্দিনের মৃত্যু সংবাদ শুনে শত শত মানুষ হাসপাতালে ভিড় জমায়। সদালাপী ও হাস্যোজ্জ্বল মানুষটির এই চলে যাওয়াকে মেনে নিতে না পেরে সহযোদ্ধা অনেককেই মৃতদেহের পাশে দাঁড়িয়ে উচ্চস্বরে কাঁদতে দেখা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা জানা যায়, আগামীকাল শুক্রবার বেলা তিনটায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।