নান্দাইলে বিনা-৭ ধান কাটা শুরু
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত বিনা-৭ জাতের আগাম ধান কাটা শুরু হয়ে গেছে।দেশি জাতের বীজ ব্যবহার করে ধান উৎপাদনে উৎসাহ দেওয়ার জন্য ময়মনসিংহের নান্দাইল কৃষি বিভাগ উপজেলার বিভিন্ন স্থানে চলতি রোপা আমন মৌসুমে কৃষকদের দিয়ে অনেকগুলো প্রদর্শনী খেতে বিনা-৭ জাতের ধান চাষ করায়। গতকাল বৃহস্পতিবার উপজেলার চণ্ডীপাশা ও ধুরুয়া গ্রামে প্রদর্শনী খেতের ধান কাটেন কৃষকেরা। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ধুরুয়া গ্রামের কৃষক আবুল কালাম ও চণ্ডীপাশা গ্রামের আতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, কৃষি কার্যালয়ের পরামর্শ অনুযায়ী তাঁরা বিনা-৭ জাতের ধানের আবাদ করেন। বীজতলা তৈরি থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত সময় লেগেছে ১১০ থেকে ১১৫ দিন। প্রতি একরে প্রায় সাড়ে পাঁচ মেট্রিক টন করে ধান হয়েছে।