নান্দাইলে বেহাল গ্রামীণ সড়ক দুর্ভোগ চরমে
ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি গ্রামীণ কাঁচা সড়ক দীর্ঘদিন সংস্কার করা হয়নি। একটু বৃষ্টি হলেই এ সড়কের বিভিন্ন অংশে কাদা থিক থিক করে। হাঁটাও প্রায় অসম্ভব হয়ে ওঠে। এ সড়কে চলাচলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চণ্ডীপাশা চৌরাস্তা বাজার থেকে খামারগাঁও গ্রামের ভেতর দিয়ে এ সড়কটি স্থানীয় বাঁশহাটি বাজারে গিয়ে মিশেছে। সড়কটির দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার। ১৯৯৬ সালে এ সড়কের প্রায় দুই কিলোমিটার অংশ কার্পেটিং করা হয়। এ সময়ের মধ্যে তাও উঠে গেছে। সড়কের প্রায় তিন কিলোমিটার অংশে উন্নয়নকাজ করা হয়নি। এর মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করে নছিমন, ভটভটি, অটোবাইক। এতে বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হয়। বৃষ্টির পানি জমে এসব গর্তে।খামারগাঁও গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মো. মুসলেম উদ্দিন (৬৫) গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, এ সড়কপথে ঈদে ঘরমুখী মানুষ চরম দুর্ভোগে পড়েছে। মো. সিদ্দিকুর রহমান (৬০) বলেন, ‘আমাদের দুর্গতির সীমা নাই। বর্ষায় কাদা মাড়াতে হয়, আর শুকনা মৌসুমে ধুলায় “গোছল” করতে হয়।’ গতকাল সরেজমিনে দেখা যায়, সড়কের কর্দমাক্ত অংশে বাঁশের খুঁটি পুঁতে অবৈধ যান নছিমন, ভটভটি, অটোবাইক চলাচল বন্ধ রাখার জন্য গ্রাম পুলিশ সদস্যরা কাজ করছেন। চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. এমদাদুল ভুঁইয়া মুঠোফোনে বলেন, এ বেহাল রাস্তা নিয়ে তিনি বিব্রত। বরাদ্দ পাওয়া যায় না। তাই মেরামতও করা হয়ে ওঠে না। জনদুর্ভোগ বাড়ে।স্থানীয় এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, এ সড়ক উন্নয়নে চলতি অর্থবছরের শুরুতে কোনো অর্থ বরাদ্দ হয়নি।