নান্দাইলে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গতকাল রোববার এসএসসি পরীক্ষার্থীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। ভুল সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে তারা এ বিক্ষোভ করে।
পরীক্ষার্থীরা বলে, গত বৃহস্পতিবার নান্দাইলের চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র ও এর আওতাধীন তিনটি ভেন্যুতে ক সেটের বদলে খ সেট প্রশ্নপত্র দিয়ে সৃজনশীল রসায়ন, পৌরনীতি ও ব্যবসায় উদ্যোগ বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। তবে নৈর্ব্যক্তিক বিষয়ের পরীক্ষা নেওয়া হয় ক সেট প্রশ্নপত্র দিয়ে। রাতে নান্দাইলে মুশুলি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রশ্নপত্রের সঙ্গে চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের প্রশ্নপত্রের অমিল দেখতে পেয়ে বিষয়টি জানাজানি হয়। কর্তৃপক্ষ বিষয়টি ভুল বলে বৃহস্পতিবার রাতে কেন্দ্রসচিব মো. নাজির উদ্দিন আহমেদকে অব্যাহতি দেয়।
ভুল সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সমাধানের দাবি জানিয়ে গত শুক্রবার মহাসড়ক অবরোধ করে পরীক্ষার্থীরা। পরে নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া পরীক্ষার্থীদের সমস্যাটি গতকালের মধ্যে সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
১০ জন পরীক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, সারা দেশের এসএসসি পরীক্ষার্থীদের উত্তরপত্রের সঙ্গে তাঁদের ১ হাজার ৬৯৭ জনের উত্তরপত্র কী উপায়ে মূল্যায়ন করা হবে, তা নিয়ে তারা দুশ্চিন্তায় আছে। গতকাল সকাল পর্যন্ত প্রশাসনের কাছ থেকে তাদের কাছে কোনো বার্তা পৌঁছায়নি। তাই তারা গতকাল সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং সড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শাহানুর আলম ও সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে আসেন। তাঁরা শিক্ষার্থীদের বলেন, এ বিষয়ে জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে অবহিত করা হয়েছে। সেখান থেকে কোনো সমাধান এলে সবাইকে জানিয়ে দেওয়া হবে। এ সময় পরীক্ষার্থীরা তাৎক্ষণিক সমাধানের দাবি জানালে ইউএনও চার পরীক্ষার্থীকে এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ সোমবার তাঁর কার্যালয়ে আমন্ত্রণ জানান। পরে পরীক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।