নান্দাইলে মনসুর হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক নেতা আবুল মনসুর ভূঁইয়া হত্যা মামলা প্রত্যাহার এবং এ মামলায় গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ময়মনসিংহের নান্দাইলে গতকাল রোববার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদিন খানের অনুসারী আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ব্যানারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে মহাসড়কে অসংখ্য যানবাহন আটকা পড়ায় যাত্রীরা ভোগান্তির শিকার হয়।
দলীয় সূত্রে জানা যায়, গত বছরের ২০ নভেম্বর নান্দাইল পৌর আওয়ামী লীগের সমাবেশে হামলা চালায় একদল দুর্বৃত্ত। ওই সময় সমাবেশের অদূরে একটি স্বর্ণালংকারের দোকানের সামনে আবুল মনসুর ভূঁইয়াকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছোট ভাই নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে নান্দাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ জুয়েল, শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোস্তফা সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলমসহ ৪৭ জনকে আসামি করা হয়। পরে এঁদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, মনসুর হত্যা মামলার সব আসামি স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদিন খানের অনুসারী। সম্প্রতি তাঁরা মনসুর হত্যা মামলায় তাঁদের ষড়যন্ত্র করে জড়ানো হয়েছে দাবি তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। গত সোমবার ছাত্রলীগের ব্যানারে মনসুর হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। পরদিন উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে মনসুর হত্যাকারীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার স্লোগান দিয়ে মিছিল বের করা হয়। ছাত্রলীগ ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
গতকাল সাংসদের অনুসারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, ওলামা লীগ এবং মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন করা হয়। ওই কর্মসূচি চলাকালে প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।
গৌরীপুরের ট্রাকচালক মো. সাইফুল ইসলাম বলেন, কয়েকজন ছাত্র তাঁর ট্রাকটিকে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের সামনে মহাসড়কে আড়াআড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করে চাবি নিয়ে চলে যায়।
কর্মসূচি শেষ করে নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরীসহ নেতাদের স্বাক্ষর করা একটি স্মারকলিপি জেলা প্রশাসককে দেওয়ার জন্য নান্দাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহানুর আলমের হাতে তুলে দেওয়া হয়।