নান্দাইলে মনসুর হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলের শ্রমিকনেতা আবুল মনসুর হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবিতে গতকাল শুক্রবার শহরে মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগ। একই দিন তাঁরা ওই নেতার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করেন।
দলীয় সূত্রে জানা যায়, গত বছরের ২০ নভেম্বর নান্দাইল পৌর শহরের সাবরেজিস্ট্রারের কার্যালয়ের মাঠে পৌর আওয়ামী লীগের কর্মী সমাবেশে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় কর্মীরা মঞ্চে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়াকে অন্যত্র সরিয়ে নেন। এ খবর পেয়ে উপজেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল মনসুর ভূঁইয়া তাঁর ছোট ভাই সিরাজুল ইসলামকে বাঁচাতে সমাবেশস্থলের উদ্দেশে রওনা দেন। উপজেলা শহরের হাসপাতাল সড়কের কল্যাণী জুয়েলার্সের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে লাশ সড়কে ফেলে রেখে যায়। এ ঘটনায় মনসুরের ছোট ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে ময়মনসিংহ-৯ আসনের সাংসদ আনোয়ারুল আবেদিন খানের ৪৭ জন সমর্থককে আসামি করে নান্দাইল থানায় মামলা দায়ের করেন।
গতকাল বিকেলে শ্রমিকনেতা মনসুরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে স্মরণসভার আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সভায় বক্তারা সরকারের কাছে অবিলম্বে মনসুর হত্যা মামলার আসামিদের বিচার করার দাবি জানান। সভায় জেলা আওয়ামী লীগের সদস্য কবীর উদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।