নান্দাইলে মাত্রাতিরিক্ত লোডশেডিং, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক মাস ধরে পল্লী বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিং চলছে। ঈদের ছুটিতেও লোডশেডিং হয়। এতে ঈদের দিনেও উপজেলার হাজারো গ্রাহক দুর্ভোগ পোহান।
গতকাল শুক্রবার জানতে চাইলে নান্দাইল পৌরসভার কয়েকজন গ্রাহক প্রথম আলোকে বলেন, প্রতিদিন দুই ঘণ্টা বিদ্যুৎ থাকে, এরপর দুই ঘণ্টা লোডশেডিং চলে। এভাবেই এখানে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কোনো কোনো সময় লোডশেডিং তিন থেকে সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত চলে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত বিদ্যুৎ তিন থেকে পাঁচবার আসা-যাওয়া করে। এরপর ১২টার দিকে চলে যায়। আবার দিবাগত রাত আড়াইটার দিকে বিদ্যুৎ এসে রাত সাড়ে তিনটায় চলে যায়। এরপর আসে সকাল ছয়টায়। সকাল নয়টা পর্যন্ত আবার চলতে থাকে বিদ্যুতের এই আসা-যাওয়া।
পৌর শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা মো. শরাফত আলী বলেন, ‘পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কিছুদিন পরপর লাইন মেরামতের নামে সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের বিদ্যুৎ সরবরাহ করা বন্ধ রাখে। কখন লোডশেডিং দেয়, আর কখন বিদ্যুৎবিভ্রাট চলে তা বোঝা যায় না।’
পৌর এলাকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী বলে, বিদ্যুৎ থাকে না বলে সন্ধ্যার দিকে পড়াশোনা করা যাচ্ছে না। গরমে রাতে ঘুমের ব্যাঘাত ঘটে।
চণ্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের প্রবাল কান্তি মজুমদার বলেন, ঈদের দিন তাঁর গ্রামে বিদ্যুৎ ছিল না। কী সমস্যা হয়েছে, তা জানার জন্য তিনি পল্লী বিদ্যুতের স্থানীয় কার্যালয়ে ৭৮ বার ফোন করেও কারও কোনো সাড়া পাননি।
এ বিষয়ে উপজেলা নাগরিক কমিটির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মো. হাবিবুর রহমান ফকির বলেন, কমিটির পক্ষ থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হলেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়। এতে বোঝা যায়, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হাতেই নান্দাইলের লোডশেডিংয়ের সমস্যার সমাধান রয়েছে।
কমিটির দুজন সদস্য বলেন, নান্দাইলে চাহিদামতো বিদ্যুৎ না দিয়ে কিশোরগঞ্জ জেলা শহরসহ বেশির ভাগ উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হচ্ছে।
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ আনোয়ারুল আবেদিন খান বলেন, কিছু বাড়তি বিদ্যুৎ দেওয়ার জন্য তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে অনুরোধ করেছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম) অভিলাষ চন্দ্র পাল বলেন, নান্দাইলের কানুরামপুর বিদ্যুৎ উপকেন্দ্রে বিদ্যুতের চাহিদা ১২ মেগাওয়াটের কিছু বেশি। কিন্তু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে তিন-চার মেগাওয়াট করে। চাহিদার তুলনায় বিদ্যুৎ কম থাকায় সঞ্চালন লাইন চালু করা যায় না। এ জন্য লোডশেডিং হচ্ছে।