নান্দাইলে মাদ্রাসার শৌচাগারে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সেরপুর গ্রামের তালতলা মাদ্রাসার শৌচাগারে গত মঙ্গলবার বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি লোহার পাইপ ও কেরোসিনভর্তি বোতল উদ্ধার করেছে। এদিকে নান্দাইল পৌর শহরের ডিগ্রি কলেজ মাঠে সার্কাসের নামে চলা অশ্লীলতা ও জুয়া খেলা বন্ধে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে বিভিন্ন স্থানে প্রচারপত্র সাঁটানো হয়েছে। অশ্লীলতা ও জুয়া খেলা বন্ধ না হলে ওই স্থান বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। প্রচারপত্রের শেষের দিকে ‘আমরা ৪১ জন’ কথাটি লেখা রয়েছে। গ্রামবাসীর ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তারা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পায়। ঘটনাস্থল তালতলা মাদ্রাসার শৌচাগারে গিয়ে ধোঁয়া দেখা যায়। মাদ্রাসার আবাসিক ছাত্র সাইফুল (১৪) জানায়, বিস্ফোরণের শব্দে তারা সবাই ভয় পেয়ে যায়। মাদ্রাসার প্রধান মো. অলিউল্লাহ বলেন, ঘটনার সময় তিনি নান্দাইল সদরে অবস্থান করছিলেন। পরে বিষয়টি জানতে পারেন। এ প্রসঙ্গে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম বলেন, এটি পাটকা না বোমার বিস্ফোরণ, তা এখনই বলা যাচ্ছে না। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।