নান্দাইলে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে মো. আবদুল হেকিম (৬৫) নামের এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। ওই মুক্তিযোদ্ধার সঙ্গে জমির মালিকানা নিয়ে প্রতিবেশী আবদুল মজিদের বিরোধ চলছে। এর জের ধরেই গতকাল সোমবার সকালে তাঁর ওপর হামলা চালানো হয় বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন।
আবদুল হেকিমের বাড়ি নান্দাইল উপজেলার চামারুল্লাহ গ্রামে। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, হেকিমের সঙ্গে ৫০ শতক জমি নিয়ে আবদুল মজিদের বিরোধ চলছে। জমিটি হেকিমের দখলে রয়েছে। এ নিয়ে মামলাও চলছে। গতকাল সকালে মজিদ তাঁর লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিটি দখলে নিতে গেলে হেকিম তাতে বাধা দেন। এ সময় মজিদ ও তাঁর লোকজন কোদাল ও দা দিয়ে কুপিয়ে হেকিমকে গুরুতর জখম করেন। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে ঘটনার পর থেকেই মজিদ ও তাঁর লোকজন আত্মগোপনে রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকাঈদ হোসেন জানান, হেকিমের মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা ইফতেখার হোসেন বলেন, বেশ কয়েকটি সালিস হলেও জমি নিয়ে বিরোধের নিষ্পত্তি হয়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী জানান, ঘটনাটি তিনি নান্দাইল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী আবদুস সালাম ভূঁইয়ার মাধ্যমে জেনেছেন। লিখিত অভিযোগ পেলে পুলিশ ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।