নান্দাইলে মুখোমুখি বর্তমান ও সাবেক সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভাতিজার অল্প বয়স। আমি তাকে মানুষ করেছি। তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। মানুষ তাকে বিভ্রান্ত করছে। তাকে ভুল পথে পরিচালিত করছে।’
আবেগতাড়িত হয়ে প্রথম আলোকে কথাগুলো বললেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সাবেক সাংসদ আবদুস সাত্তার।
অন্যদিকে চাচা আবদুস সাত্তার সম্পর্কে ভাতিজা ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মাহমুদ হাসান ওরফে সুমন প্রথম আলোকে বলেন, সাত্তার সাহেব উপজেলা সাধারণ সম্পাদক আবদুল হেকিমকে সঙ্গে নিয়ে ঘরে বসে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়ন দিয়েছেন। তিনি তৃণমূলের মতামত নেননি। বিতর্কিত লোকদের মনোনয়ন দিয়েছেন।
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় চাচা-ভাতিজার বিরোধ স্থানীয় পর্যায়ে সবার মুখে মুখে। উপজেলার ১১টি ইউনিয়নেই সাত্তার-সমর্থিত প্রার্থীরা নৌকা প্রতীক পেয়েছেন। অন্যদিকে মাহমুদ হাসান নয়টি ইউনিয়নে তাঁর সমর্থিত ব্যক্তিদের বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন। চাচা-ভাতিজা উভয়েই নিজ নিজ সমর্থিত ব্যক্তিদের পক্ষে মাঠে নেমেছেন। স্থানীয় ভোটাররা একে দুজনের মর্যাদার লড়াই বলে অভিহিত করছেন।
গতকাল শুক্রবার ঈশ্বরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে ভাতিজা মাহমুদের সঙ্গে স্থানীয় জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমামের অলিখিত সমঝোতা আছে। তাঁরা আওয়ামী লীগের প্রার্থী ঠেকাতে কয়েকটি ইউনিয়নে জাতীয় পার্টি এবং বিদ্রোহী প্রার্থীর সঙ্গে সমঝোতা করিয়ে দিয়েছেন। জাতীয় পার্টি নয়টি ইউনিয়নে মনোনয়ন দিলেও তিনটি ইউনিয়নে তাদের শক্তিশালী প্রার্থী আছে। এ তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সঙ্গে জাতীয় পার্টির সমঝোতা হয়েছে। অন্যদিকে মাহমুদ সাতটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী দিলেও চারটিতে তাঁর প্রার্থীর ভালো অবস্থান। আর এই চারটিতে জাতীয় পার্টির প্রার্থী এক রকম নীরব রয়েছেন।
এ প্রসঙ্গে আবদুস সাত্তার বলেন, ‘সাংসদ ফখরুল ইমাম আমার ভাতিজাকে নিয়ে ষড়যন্ত্র করছে। সে কিছু ইউনিয়নে গিয়ে লাঙ্গলের পক্ষে ভোট চাইছে।’
ভাতিজা মাহমুদ এ অভিযোগের জবাবে বলেন, ‘ফখরুল ইমাম একজন সাংসদ। আর আমি উপজেলা চেয়ারম্যান। তাঁর সঙ্গে আমার কাজের সমন্বয় আছে। কিন্তু আমরা দুই দল।’
এ প্রসঙ্গে সাংসদ ফখরুল ইমাম বলেন, ‘সুমনের সঙ্গে আমার কোনো রাজনৈতিক সমঝোতা নেই। আমরা আলাদা দল করি।’
আজ ভোট গ্রহণ শেষে জানা যাবে চাচা-ভাতিজার মর্যাদার লড়াইয়ে কার জয় হলো।
নান্দাইলের চিত্র: অন্যদিকে ময়মনসিংহের আরেক উপজেলা নান্দাইলে মুখোমুখি অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের বর্তমান সাংসদ আনোয়ারুল আবেদীন খান এবং সাবেক সাংসদ মেজর জেনারেল (অব.) আবদুস সালাম। উপজেলায় আনোয়ারুল-সমর্থিত প্রার্থীরা নৌকা প্রতীক পেয়েছেন। তবে আবদুস সালাম তাঁর সমর্থিত ব্যক্তিদের প্রতিটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন।
ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে আজ শনিবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নান্দাইলে ভোট গ্রহণ হবে। এ নির্বাচনকে ঘিরে উভয় উপজেলায় আওয়ামী লীগের বিবদমান পক্ষ একেবারে সামনাসামনি অবস্থান নিয়েছে।
আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈশ্বরগঞ্জ ও নান্দাইলে আওয়ামী লীগের দুটি পক্ষকে ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা ইন্ধন দিচ্ছেন। ঈশ্বরগঞ্জে চাচাকে সমর্থন দিচ্ছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার। আর ভাতিজাকে সমর্থন দিচ্ছেন জেলা সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
বিএনপির অবস্থা: নান্দাইল ও ঈশ্বরগঞ্জে সব কটি ইউনিয়নে বিএনপি প্রার্থী দিলেও জোরালো প্রচারণা নেই। নান্দাইলের পাঁচ-ছয়টি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা প্রতিযোগিতায় থাকবেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তবে ঈশ্বরগঞ্জে বিএনপির প্রার্থীরা তুলনামূলক দুর্বল।
জানতে চাইলে নান্দাইল উপজেলা বিএনপির সভাপতি খুররম খান চৌধুরী প্রথম আলোকে বলেন, সরকারদলীয় প্রার্থী-সমর্থকেরা বিএনপির কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন। নির্বাচন সুষ্ঠু হলে নান্দাইলে সব কটিতে বিএনপি প্রার্থী পাস করবেন।
অন্যদিকে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের তেমন অভিযোগ নেই। কিছু অভিযোগ দিয়েছিলাম। প্রশাসন ব্যবস্থা নিয়েছে।’ তিনি নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কা করেন।