নান্দাইলে যাত্রার অনুমোদনের ওপর আদালতের নিষেধাজ্ঞা
ময়মনসিংহের নান্দাইল ক্রীড়া সংস্থার আর্থিক সহায়তার জন্য আয়োজিত গ্রাম্য সংস্কৃতি সার্কাস ও যাত্রা প্রদর্শনীর ওপর নান্দাইলের জ্যেষ্ঠ সহকারী বিচারিক হাকিম (সিনিয়র সহকারী জজ) মো. ফরিদ আলম নিষেধাজ্ঞা আরোপ করেছেন। গতকাল সোমবার এ বিষয়ে নান্দাইলের আ. মতিন ভূঁইয়ার একটি আবেদনের ওপর শুনানি শেষে সংশ্লিষ্ট আদালত থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। আদালত একই সঙ্গে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলামকে এ নিষেধাজ্ঞা কার্যকর করে তা আদালতকে অবহিত করার নির্দেশ দেন। নিষেধাজ্ঞা জারির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন আবেদনকারীর আইনজীবী শেখর রঞ্জন ভদ্র।মুঠোফোনে যোগাযোগ করা হলে ওসি বলেন, ‘বিষয়টি টেলিফোনে জেনেছি। আদালতের কাগজপত্র এখনো হাতে পাইনি।’ মামলার আবেদন ও অনুমোদন-সংক্রান্ত কাগজ থেকে জানা যায়, নান্দাইল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের সাধারণ শাখা থেকে গত ২৩ অক্টোবর গ্রাম্য সংস্কৃতি, সার্কাস ও যাত্রা প্রদর্শনীর অনুমতি দেওয়া হয়। ওই অনুমোদনে ১১টি শর্ত আরোপ করে জেলা প্রশাসন। ১ নভেম্বর থেকে এ প্রদর্শনীটি নান্দাইল উপজেলার নান্দাইল-তাড়াইল সড়কের গাংগাইল গ্রামে উদ্বোধন করা হয়। এদিকে নান্দাইল পৌরসভার কাকচর গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা চেয়ারম্যান আ. মতিন ভূঁইয়া ওই প্রদর্শনীতে অনুমোদনের বাইরে নানারকম জুয়া খেলা চলে দাবি করে সংশ্লিষ্ট আদালতে গতকাল সোমবার একটি মামলা করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ জারি করেন। মামলায় ময়মনসিংহের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আটজনকে বিবাদী করা হয়েছে। আদালত বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ দিয়ে পাঁচ দিনের মধ্যে জবাব চেয়েছেন।