নান্দাইলে যানবাহন থেকে চাঁদা আদায় বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার তিনটি স্থানে স্ট্যান্ড বসিয়ে সব ধরনের যানবাহন থেকে চাঁদা আদায় বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
গত রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী এ নির্দেশ দিয়েছেন বলে সভায় উপস্থিত একাধিক সূত্রে জানা গেছে।
গত রোববার ‘নান্দাইলে যানবাহনে চাঁদাবাজি’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশের পর প্রতিবেদনের বিষয়বস্তু নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়। আলোচনা শেষে জেলা প্রশাসক আগামী দুই দিনের মধ্যে এ ধরনের চাঁদাবাজি বন্ধ করার নির্দেশ দেন। এ নির্দেশ উপেক্ষিত হলে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। সভায় উপস্থিত ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র মো. আবদুছ ছাত্তার বলেন, সভায় চাঁদাবাজির প্রসঙ্গে আলোচনা হওয়ার পর জেলা প্রশাসক তা বন্ধ করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, জেলা পর্যায় থেকে তাঁর কাছে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড, নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ও নান্দাইল সেতুর পশ্চিম পাশে মহাসড়কের ওপর স্ট্যান্ড বসিয়ে সব ধরনের যানবাহন থেকে চাঁদাবাজি করা হচ্ছে। শ্রমিকদের নাম ভাঙিয়ে এসব চাঁদাবাজির সঙ্গে সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।