নান্দাইলে রাস্তায় গোয়ালঘর নির্মাণ যাতায়াত বন্ধ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মেরেঙ্গা দক্ষিণপাড়া গ্রামের একটি সড়কের মোড়ে গোয়ালঘর নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় আড়াই হাজার লোককে জঙ্গলের ভেতর দিয়ে বা ফসলি জমি ডিঙিয়ে গ্রামে প্রবেশ করতে হচ্ছে। এ নিয়ে এলাকার জনপ্রতিনিধি ও মুরুব্বিরা একাধিক সালিস করেও রাস্তাটি খুলে দেওয়ার বিষয়ে সমাধানে পৌঁছাতে পারেননি।
সরেজমিনে দেখা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চকমতি বাসস্ট্যান্ড থেকে একটি পিচ ঢালাই সড়ক মেরেঙ্গা গ্রামের দিকে চলে গেছে। এই রাস্তা দিয়ে কিছুটা সামনে এগোনোর পর ডান পাশ দিয়ে একটি কাঁচা রাস্তা মেরেঙ্গা দক্ষিণ পাড়া গ্রামের ভেতরের দিকে চলে গেছে। এই সড়কটিই এঁকে-বেঁকে গ্রামের বিভিন্ন প্রান্তে থাকা বাড়িঘরে গিয়ে মিশেছে। গ্রামবাসীর অভিযোগ, মো. জাহাঙ্গীর জেনেশুনেই সড়কের গুরুত্বপূর্ণ একটি মোড়ে পাকা গোয়ালঘর নির্মাণ করে সড়কটি বন্ধ করে দিয়েছেন। কামরুজ্জামান খান নামের এক বাসিন্দা জানান, তিনি ছোটবেলা থেকে এ সড়ক দিয়ে চলাচল করছেন। সড়কের জমি ব্যক্তিমালিকানার হলেও দীর্ঘদিনের চলাচলের রাস্তা এভাবে কেউ বন্ধ করতে পারেন না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সুলতান উদ্দিন খান বলেন, জমির মালিকদের একগুঁয়েমির কারণে শত চেষ্টা করেও রাস্তা খুলে দেওয়ার বিষয়ে সমাধান করা যায়নি।
এ বিষয়ে মো. জাহাঙ্গীর বলেন, ‘জমিটি আমাদের। তাই এখানে ঘর নির্মাণ করেছি। গ্রামের লোকজন কীভাবে চলাচল করবে সেটি তাদের বিষয়। আমার জমির ওপর দিয়ে আমি রাস্তা দেব না।’