নান্দাইলে র‌্যাফল ড্রয়ের নামে জুয়া, চলছে অশ্লীল নৃত্য-গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরসহ গ্রামাঞ্চলে সকাল থেকে রাত ১১টা পর্যন্ত ‘জনতা র‌্যাফল ড্রয়ের’ কুপন বিক্রি হচ্ছে। বিদ্যালয়গামী শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই ওই কুপন সংগ্রহ করছে। রাত ১০টার পর সবাই কুপন নিয়ে ছুটে যাচ্ছে নান্দাইল শহীদ সঞ্চৃতি ডিগ্রি কলেজ মাঠে। এখানে র‌্যাফল ড্রয়ের নামে চলছে জুয়া খেলা। সার্কাস ও পুতুলনাচের আড়ালে চলছে অশ্লীল নৃত্য ও গান। এলাকাবাসী জানান, নান্দাইল থানার ১০০ বছর পূর্তি হয়েছে চলতি বছরের ১২ জানুয়ারি। শত বছর পূর্তি পালন উপলক্ষে ‘শতবর্ষ উদ্যাপন পরিষদ’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। পরিষদের সভাপতি সাংসদ আবদুস সালাম ও সদস্যসচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আবদুল হামিদ মিয়া। এ ছাড়া রয়েছে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধান কর্মকর্তাদের সমন্বয়ে অনেকগুলো উপকমিটি। আগামী ডিসেম্বরে মূল অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিটিগুলো। প্রতিদিন চার থেকে পাঁচ লাখ টাকার কুপন বিক্রি হচ্ছে। কমিটি সূত্রে জানা গেছে, মূল অনুষ্ঠান পালনের খরচ জোগান দেওয়ার জন্য এসব প্রদর্শনী ও কুপন বিক্রির আয়োজন করা হয়েছে। ১১ সেপ্টেম্বর স্থানীয় কলেজ মাঠে এসব প্রদর্শনীর উদ্বোধন করেন সাংসদ আবদুস সালাম। জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া মুঠাফোনে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে তাঁরা কোনো অনুমোদন দেননি। এ বিষয়ে নান্দাইল শহীদ সঞ্চৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ আবদুল বারেক তালুকদার বলেন, ‘কলেজ মাঠে এসব প্রদর্শনী চললেও লেখাপড়ার কোনো ক্ষতি হচ্ছে না। কলেজ মাঠে জুয়া ও অশ্লীল নৃত্য-গান প্রসঙ্গে তিনি বলেন, বেলা তিনটার পর তো কলেজে কার্যক্রম থাকে না। তখন কী হয় তা কী করে বলব।’ নান্দাইল পৌর আওয়ামী লীগের সভাপতি রফিক উদ্দিন ভূঁইয়া বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় জুয়ার আসর, সার্কাস ও পুতুলনাচের আড়ালে অশ্লীল নৃত্য ও গান পরিবেশন করা হচ্ছে। আমরা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে সাহস পাচ্ছি না। কারণ, একজন প্রতিবাদকারীকে ইতিমধ্যেই নাজেহাল করা হয়েছে।’ইউএনও মোহামঞ্চদ আবদুল হামিদ মিয়া বলেন, স্থানীয় সাংসদ উপজেলা পরিষদে র‌্যাফল ড্র, সার্কাস ও পুতুলনাচের বিষয় নিয়ে আলোচনা করে জেলা প্রশাসকের কাছে একটি ডিও লেটার পাঠিয়েছেন। এ ব্যাপারে জেলা প্রশাসক এখনো কিছু জানাননি।’ এ ব্যাপারে সাংসদ আবদুস সালামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনটি ধরেননি।