নান্দাইলে শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গতকাল শনিবার এক স্কুলশিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা করেছেন দুই ব্যক্তি।নান্দাইল থানা ও শিক্ষিকার পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সিংরইল ইউনিয়নের একটি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকা গতকাল বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছার পর ওই এলাকার আজিমুদ্দিনের ছেলে সাইফুল (২৫) ও রফিকুল (২২) তাঁকে জোর করে পাশের কেন্দুয়া উপজেলার বানিপুর গ্রামে তাঁদের (সাইফুলের) ফুফা আবদুল খালেকের বাড়িতে নিয়ে যান। সেখানে নিয়ে ওই শিক্ষিকাকে মারধর করাসহ শ্লীলতাহানির চেষ্টা করেন তাঁরা। এ সময় দুই ভাই শিক্ষিকার মুঠোফোন ও টাকাপয়সা ছিনিয়ে নেন। খবর পেয়ে শিক্ষিকার সহকর্মী প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক এলাকার লোকজন নিয়ে তাঁকে ওই বাড়ি থেকে উদ্ধার করেন। এ সময় ওই দুই ভাই পালিয়ে যান। এলাকাবাসীর অনেকে জানান, ওই শিক্ষিকা দুই মাস আগে নতুন চাকরি নিয়ে ওই বিদ্যালয়ে যোগ দেন। যোগদানের পর থেকেই সাইফুল তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু শিক্ষিকা তাতে সাড়া না দেওয়ায় বিভিন্ন সময় তাঁকে হুমকি দিতেন। নান্দাইল থানার উপপরিদর্শক হুমায়ূন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল কেন্দুয়া থানার আওতাধীন বিধায় মামলার যাবতীয় কাগজপত্র তৈরি করে কেন্দুয়া থানায় পাঠানো হচ্ছে।