নান্দাইলে শিশু ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। চণ্ডীপাশা ইউনিয়নের কুরাটি গ্রামে এ ঘটনা ঘটেছে। শিশুটিকে ময়মনসিংহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির পরিবার অভিযোগ করেছে, ধর্ষককে বাঁচাতে একটি মহল টাকা নিয়ে বিষয়টি মিটিয়ে ফেলার জন্য তাদের চাপ দিচ্ছে।শিশুটির মা গতকাল মঙ্গলবার জানিয়েছেন, তাঁর মেয়ে স্থানীয় একটি সরকারি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। গত রোববার দুপুরে মেয়েটি বাড়ির কাছের একটি নির্জন এলাকায় শুকনো পাতা কুড়াতে যায়। এ সময় একই গ্রামের বাসিন্দা মনির হোসেন তালুকদার (৩৫) তাকে সেখান থেকে একটু দূরে খালের পাড়ে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি এসে তার মাকে ঘটনা জানায়। মেয়েটিকে তার বাবা-মা প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা তাকে ময়মনসিংহ সদর হাসপাতালে পাঠান। শিশুটির মা জানান, ঘটনা জানাজানি হয়ে গেলে স্থানীয় মাতব্বর আ. মান্নান সরকার ওরফে আরাফাতের নেতৃত্বে গ্রামের কয়েকজন লোক বিষয়টিকে মিটিয়ে ফেলার চেষ্টা চালায়। তিনি জানান, তাঁরা তাঁর স্বামীর হাতে ১৫ হাজার টাকা দিয়ে মীমাংসা করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাঁরা তাতে রাজি নন। তিনি বলেন, ‘যে আমার মেয়ের এ দশা করেছে, তার শাস্তি না হলে আমাদের শান্তি আসবে না।’ মাতব্বর আ. মান্নান সরকার এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘উভয় পক্ষই গরিব। আইন-আদালত করে কী আর হবে। ১৫ হাজার টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে ফেলতে চেয়েছিলাম। কিন্তু শিশুটির পরিবার তা মেনে নেয়নি।’ এদিকে মনির হোসেনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর এক ভাবি জানান ‘ঘটনা মীমাংসার জন্য মাতব্বরদের হাতে ১৫ হাজার টাকা দিয়েছি। তাঁরা কী করছেন জানি না।’ শামছুদ্দিন নামের মনির হোসেনের এক প্রতিবেশী বলেন, মনির দুটি বিয়ে করেছেন। কিন্তু তাঁর স্ত্রীদের এখন কোনো খোঁজ নেই।নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম বলেন, তিনি এ ধরনের কোনো অভিযোগ পাননি।