নান্দাইলে ষাঁড়ের লড়াই, জুয়াড়িদের পোয়াবারো
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে বড় ধরনের জুয়া বা বাজির আসর চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৫ নম্বর গাংগাইল ইউনিয়নের বিভিন্ন স্থানে ভোরে এসব লড়াইয়ের আয়োজন করা হচ্ছে।এলাকাবাসী জানান, ঘণ্টা দেড়েক চলে লড়াই। লড়াইয়ের আড়ালে বাজির অপকর্মের নেপথ্যে রয়েছেন ওই এলাকার জনপ্রতিনিধি, দলীয় পরিচয়ধারী নেতা-কর্মী ও প্রভাবশালী কিছু ব্যক্তি। টাকার বিনিময়ে সবকিছু ‘ম্যানেজ’ করে আয়োজকেরা সপ্তাহে একাধিকবার এসব আসর আয়োজন করছেন। এর বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। গতকাল মঙ্গলবার ভোরেও এ রকম একটি লড়াই হয়েছে। এতে জুয়া-বাজির আড়ালে কয়েক লাখ টাকার হাতবদল হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় আসর।সরেজমিনে গাংগাইল ইউনিয়নের বনুড়া, সুন্দাইল, কান্দিউড়া, নিভিয়াঘাটা, পাড়ঘাটা গ্রামে গিয়ে বিভিন্ন পেশার লোকজনের সঙ্গে এ বিষয়ে কথা হয়। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, গাংগাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইসমাইল হোসেন ও আবদুল মন্নাছ, দেলোয়ার হোসেন, গোলাপ মিয়া হচ্ছেন ষাঁড়ের লড়াইয়ের মূল আয়োজক। তাঁদের সহযোগী হিসেবে রয়েছে ১০-১৫ জনের একটি দল। এ ছাড়া ওই এলাকার ক্ষমতাসীন দলের চিহ্নিত কিছু নেতার কাজ হচ্ছে লড়াইস্থলে ঝামেলা দেখা দিলে তা সামাল দেওয়া। বিনিময়ে তাঁরা আয়োজকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পান। এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির কাজ হচ্ছে প্রশাসন ও পুলিশের ঝামেলা বিশেষ উপায়ে ‘ম্যানেজ’ করা। এক জোড়া ষাঁড়ের লড়াইয়ে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত বাজি ধরা হয়।গাংগাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বলেন, ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়া-বাজির আয়োজন হচ্ছে এ কথা সত্য। তবে এর সঙ্গে তাঁদের দলের কোনো সম্পৃক্ততা নেই।মুঠোফোনে ইউপি সদস্য ইসমাইল হোসেন জানান, তিনি মানুষকে আনন্দ দেওয়ার জন্য আগে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করেছেন। এখন আর এসব আয়োজন করেন না। তবে তিনি বলেন, ‘কেউ যদি বাইরে থেকে লড়াইকে কেন্দ্র করে জুয়া-বাজিতে লিপ্ত হয়, তাহলে কিভাবে প্রতিরোধ করব?’ ষাঁড়ের লড়াইয়ের উদ্দেশ্য যদি বিনোদন হয়, তাহলে সেটি ফজরের আজানের পর শুরু করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ভোরবেলার আবহাওয়া ষাঁড়ের লড়াইয়ের উপযোগী থাকে। তবে এ বিষয়ে কথা বলতে দেলোয়ারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।গাংগাইল ইউপির চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামানের বিরুদ্ধেও ষাঁড়ের লড়াই আয়োজনে সহায়তা করার অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নান্দাইলের শতবর্ষ পূর্তি উপলক্ষে ডিসেম্বরে কিছু লড়াইয়ের আয়োজন করা হয়েছিল। এর সঙ্গে জুয়ার সম্পর্ক ছিল না।ষাঁড়ের লড়াইয়ের খবর পেয়ে গতকাল ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল হামিদ মিয়া ঘটনাস্থলে যান। কিন্তু কয়েক শ লোকের উপস্থিতির কারণে তিনি ষাঁড়ের লড়াই থামাতে আইনগত পদক্ষেপ নিতে পারেননি। ইউএনও জানান, ষাঁড়ের লড়াই থামাতে গতকাল তিনি পুলিশ চেয়েও পাননি।তবে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইমলাম বলেন, সকাল সাতটায় ইউএনও পুলিশ চেয়েছেন। ততক্ষণে হরতালের দায়িত্ব পালন করতে পুলিশের কয়েকটি দল থানা থেকে বেরিয়ে যায়। এ কারণে ইউএনওর সঙ্গে পুলিশ দেওয়া সম্ভব হয়নি। ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়া বা বাজির আসর থামাতে আইন প্রয়োগে শিথিলতার কারণ জানতে চাইলে ওসি বলেন, পুলিশকে দোষারোপ করা ঠিক হবে না। এ আসর অল্প সময়ে শেষ হয়ে যায়। এ কারণে খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই তা শেষ হয়ে যায়।