নান্দাইলে ষাঁড়ের লড়াইয়ের নামে লাখ টাকার জুয়া
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নিভিয়াঘাটা গ্রামে গত মঙ্গলবার ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়া খেলার অভিযোগ পাওয়া গেছে। এদিন অন্তত ১০ থেকে ১৫ লাখ টাকার জুয়া খেলা হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।তবে এই অভিযোগ অস্বীকার করে ষাঁড়ের লড়াইয়ের অন্যতম আয়োজক আলী আসলাম ভূঁইয়া বলেন, ‘মানুষকে আনন্দ দেওয়ার জন্য ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়েছে। জুয়ার খেলার অভিযোগ ঠিক নয়।’নান্দাইল রোড উচ্চবিদ্যালয়ের মাঠে এই ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। গ্রামবাসী সূত্রে খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায়, ভোর ছয়টায় শত শত মানুষ চি ৎকার-চেঁচামেচি করছে, মাঠে চলছে ষাঁড়ের লড়াই। মাঠের চারপাশে কয়েকটি জটলায় গিয়ে দেখা যায়, সেখানে চলছে টাকার লেনদেন। এ সময় সেখানে উপস্থিত তাড়াইল উপজেলার ধলা গ্রামের আবদুল খালেক বলেন, ‘ষাঁড়ের লড়াইয়ে তাঁরা কয়েকজন মিলে কিছু টাকা বাজি ধরেছেন।’প্রথম জোড়া ষাঁড়ের লড়াই শেষে নতুন আরেক জোড়া ষাঁড়ের লড়াই শুরু হওয়ামাত্র মাঠের পশ্চিম পাশে বিদ্যালয় ভবনের কাছে একটি জটলা দেখা গেল। সেখানে গিয়ে দেখা যায়, থলেভর্তি টাকার লেনদেন চলছে। এখানে উপস্থিত কেন্দুয়া উপজেলার রাজনগর গ্রামের আবদুল কুদ্দুছ বলেন, তিনি একটি ষাঁড়ের ওপর বাজি ধরেছেন।খোঁজ নিয়ে জানা যায়, প্রতিটি লড়াই চলাকালে জুয়াড়িরা দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত বাজি ধরছেন। যেসব ষাঁড় লড়াইয়ে পরাজিত হয়েছে, সেটির পক্ষে বাজি ধরা সমুদয় টাকা বিজয়ী ষাঁড়ের পক্ষের জুয়াড়িরা পাচ্ছেন।গ্রামের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আয়োজকেরা স্থানীয় রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করেছেন। মাঠে গাংগাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ স্থানীয় আরও অনেক নেতাকে দেখা গেলেও তাঁরা জুয়া খেলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।যোগাযোগ করা হলে গাংগাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যারা এসবের আয়োজন করছে, তারা এলাকার প্রভাবশালী। সবকিছু ম্যানেজ করেই তারা এসব চালাচ্ছে।’নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার বলেন, উপজেলার সর্বত্র সমানে জুয়া খেলা চলছে। এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা রহস্যজনক উল্লেখ করে তিনি বলেন, ‘জুয়া নিয়ে নান্দাইলে একটি কথা চালু আছে। তা হলো জুয়াড়ি ধরা পড়লেও লাভ, আবার ছেড়ে দিলেও লাভ।’জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়া খেলার বিষয়টি সম্পর্কে তিনি অবহিত নন। তবে পুলিশ অভিযান চালিয়ে গত দুদিনে ১২ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে বলে তিনি জানান।নান্দাইল রোড উচ্চবিদ্যালয়ের মাঠে দেড় ঘণ্টার মতো অবস্থান করে দেখা গেছে, লড়াই করে করে অন্তত ১০টি তাগড়া ষাঁড় ক্লান্ত হয়ে পড়েছে।