নান্দাইলে সাংবাদিক নির্যাতনকারী আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে সাংবাদিক নির্যাতনকারী আওয়ামী লীগ নেতা মো. নাজিম উল্লাহ গ্রেপ্তার হয়েছেন। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গতকাল মঙ্গলবার বিকেল চারটায় ওই নেতাকে ময়মনসিংহ শহরের একটি স্থান থেকে গ্রেপ্তার করে তাদের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন প্রথম আলোর কাছে নাজিমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

নান্দাইল উপজেলার চলমান জুয়ার আসর নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. নাজিম উল্লাহ।

গত শুক্রবার দৈনিক ইত্তেফাক-এর সাংবাদিক মো. শাহ আলম ভুঁইয়াকে মুঠোফোনে ফোন করে হাত-পা কেটে ফেলার হুমকি দেন। পরে তাঁর বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় সাধারণ ডায়েরি করেন ওই সাংবাদিক।

গত শনিবার ওই নেতা সাংবাদিকের ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করেন। পরে প্রকাশ্যে রামদা উঁচিয়ে অন্য সাংবাদিকদের খুঁজে বেড়ান। এ ঘটনায় নাজিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এরপর থেকে গত চার দিন ধরে র‌্যাব ও ডিবির দুটি দল নাজিম উল্লাহকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখে। গত সোমবার সাংবাদিকেরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে নাজিমকে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান।

নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি আ. হান্নান মাহমুদ ওই নেতাকে গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।