নান্দাইলে সাংবাদিকের হাত-পা কেটে ফেলার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের একজন নেতা দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. শাহ আলম ভূঁইয়ার হাত-পা কেটে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।শাহ আলমের বিবরণ অনুযায়ী, গতকাল শুক্রবার দুপুরে তাঁর মুঠোফোনে ফোন করেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. নাজিম উল্লাহ। ফোন করেই তিনি নান্দাইলে জুয়ার আসর নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করার কারণ জানতে চান। পরে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। এ সময় তাঁর হাত-পা কেটে ফেলা ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার হুমকি দেন ওই নেতা। ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। এ ঘটনায় তিনি গতকাল সন্ধ্যায় নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। এ ব্যাপারে কথা বলতে মো. নাজিম উল্লাহর মুঠোফোনে ফোন করা হলেও তিনি তা ধরেননি। গতকাল বিকেলে নান্দাইল প্রেসক্লাবের সাংবাদিকেরা এক জরুরি সভা ডেকে হুমকির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসক্লাবের সভাপতি আবদুল হান্নান মাহমুদ বলেন, নেতাদের এসব অপকর্মের তথ্য পত্রিকায় প্রকাশ করে ওই সাংবাদিক তাঁর দায়িত্ব পালন করেছেন। অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।